সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ডিমেরচর এলাকায় গত শনিবার র্যার ও কোস্টগার্ডের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুজনের মধ্যে অপরজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন বাগেরহাটের রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের মো. আবদুল হালিম হাওলাদার (৪১)।জানা গেছে, পত্রিকায় প্রকাশিত লাশের ছবি দেখে গতকাল সোমবার সকালে হালিমের লাশ শনাক্ত করেন তাঁর স্ত্রী মঞ্জু বেগম। এরপর গতকাল দুপুরে তিনি প্রতিবেশী ওমর আলী ফকিরকে সঙ্গে নিয়ে লাশ নিতে বাগেরহাট সদর হাসপাতালে আসেন। কিন্তু আগের দিন রোববার সন্ধ্যায় হালিমের লাশ বেওয়ারিশ হিসেবে গ্রহণ করে বাগেরহাট শহরের সরুই সরকারি কবরস্থানে দাফন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম। কাজেই লাশ ছাড়া তাঁরা ফিরে যান।প্রতিবেশী ওমর আলী ফকির জানান, হালিম আগে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। ওই কাজ ছেড়ে এসে তিনি সাগরে মাছ ধরতে চলে যান। সাগর থেকে ফিরে একটি নছিমন কিনে মংলা-খুলনা মহাসড়কে চালাতেন। পনেরো দিন আগে সকালে রামপাল-মংলা সড়কের ভরসাপুর এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যায় একদল লোক।শরণখোলা থানার উপপরিদর্শক মুস্তাফিজুর রহমান বলেন, বেওয়ারিশ হিসেবে লাশ ইতিমধ্যে দাফন করা হয়েছে। লাশ চেয়ে আবেদন করলে ব্যবস্থা নেওয়া হবে।