নিহত আট পুলিশের পরিবারবর্গকে অনুদানের চেক দিলেন প্রধানমন্ত্রী
জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মীদের হাতে সম্প্রতি পুলিশের নিহত আটজন সদস্যের প্রত্যেকের পরিবারের সদস্যদের হাতে ১০ লাখ টাকার অনুদানের চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে পুলিশের নিহত সদস্যদের পরিবারবর্গের কাছে আর্থিক অনুদানের চেক তুলে দেন।গাইবান্ধা, চট্টগ্রাম, ঝিনাইদহ, রংপুর ও খুলনায় গত ২৮ ফেব্রুয়ারি এবং ৩ ও ১০ মার্চ জামায়াত-শিবিরের সহিংসতায় পুলিশের এসব সদস্য নির্মমভাবে প্রাণ হারান।প্রধানমন্ত্রী চেক হস্তান্তরকালে পুলিশের নিহত সদস্যদের পরিবারের কাছে কুশল জানতে চান এবং তাঁদের সন্তান ও পরিবারের সদস্যকে চাকরি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তিনি পুলিশের আহত সদস্যদের উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পুলিশের নিহত সদস্যরা হলেন বগুড়ার মো. বাবুল মিয়া, কুড়িগ্রামের হযরত আলী, রংপুরের মো. তোজাম্মেল হোসেন, গাইবান্ধার খাজা নাজিমুদ্দিন আকন্দ, ফেনীর আবু তারেক, সাতক্ষীরার জি এম ওমর ফারুক, দিনাজপুরের মো. মোজাহার আলী ও নড়াইলের মো. মফিজুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।চীনের প্রতি আরও বিনিয়োগের আহ্বান: প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল তাঁর কার্যালয়ে চীনের রাষ্ট্রদূত লি জান সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের বিভিন্ন খাতে ব্যাপক হারে বিনিয়োগের আহ্বান জানান। বৈঠকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রদূত বাংলাদেশে চীনের সহায়তায় গভীর সমুদ্রবন্দর ও কয়েকটি সেতু নির্মাণসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী উভয় দেশের মধ্যে বাণিজ্য যোগাযোগ সহজতর করতে চীন ও হংকংয়ের ভিসাব্যবস্থা সহজ করার অনুরোধ জানান। লি জান তাঁর দেশের প্রেসিডেন্টের পক্ষে চলতি বছরের জুনে কুনমিংয়ে প্রথম ‘চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনী’তে যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।