নিহত আবুল কাশেমের পরিবারকে এক লাখ টাকা অনুদান

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে তল্লাশি চালানোর সময় গত সোমবার বিস্ফোরক বহনকারী দুই যুবকের ছোড়া বোমা বিস্ফোরণে নিহত নিরাপত্তাকর্মী আবুল কাশেমের পরিবারকে এক লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে কমলাপুর রেলওয়ের ডিআইজি রেঞ্জ কার্যালয়ে নিহত আবুল কাশেমের ভাই হাফিজুর রহমানকে এই টাকা দেওয়া হয়। পুলিশের মহাপরিদর্শকের পক্ষ থেকে ওই নগদ অর্থ দেন রেলওয়ে রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি, চলতি দায়িত্ব) মো. কামরুল আহসান। তিনি বলেন, ‘অর্থ দিয়ে জীবনের মূল্য মাপা যায় না। আমরা যে নিহতের পরিবারের পাশে আছি, এই আর্থিক অনুদান তারই প্রমাণ।’ এ সময় ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) সরদার সাহাদাত আলী, আরএনবির কমান্ডার জহির উদ্দিন, কমলাপুর রেলওয়ে রেঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আবদুর রহমান ও নিহতের কয়েকজন আত্মীয় উপস্থিত ছিলেন।
নিহত আবুল কাশেমের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার উজানি গ্রামে। ওই দিন তিনি স্টেশন ইয়ার্ডের ১৭ নম্বর বিটে দায়িত্ব পালন করছিলেন।