পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গুলশানে রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত দুই পুলিশ সদস্যের পরিবারকে এবং ওই ঘটনায় আহত ২৬ পুলিশ সদস্যকে ঈদ উপহার হিসেবে ৩২ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবার এবং আহত পুলিশ সদস্যের কাছে ঈদের উপহার তুলে দেন। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত পুলিশের দুই সদস্য গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল এবং বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন খানের পরিবারকে তিন লাখ টাকা করে দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সামরিক সচিবের কাছ থেকে পুলিশ কর্মকর্তাদের পরিবারের সদস্যরা ঈদের পোশাক ও খেলনাসামগ্রী গ্রহণ করেন।
আহত ২৬ পুলিশ সদস্যের প্রত্যেককে এক লাখ টাকা করে দিয়েছেন প্রধানমন্ত্রী।
ওই রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় ২০ জন নিহত হন। ওই ঘটনায় গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল এবং বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন খান নিহত হন। আহত হন আরও ২৬ পুলিশ সদস্য। জিম্মি উদ্ধার অভিযানে ১৩ জনকে উদ্ধার করা হয়। সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়।