নিহত ইউএনওর নামে এলাকার নামকরণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় নিহত ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলামের নামে দুর্ঘটনাস্থলের নামকরণের দাবি উঠেছে। উপজেলা প্রশাসন ও এলাকাবাসী এ দাবি জানিয়েছে।
রাশেদুল ইসলামের মৃত্যুতে ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে গতকাল রোববার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ত্রিশাল উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাত্র দুই মাস আগে রাশেদুল ইসলাম ত্রিশালে যোগদান করেন। মিষ্টভাষী মানুষ হিসেবে অল্প সময়েই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন।
মঙ্গলবার সন্ধ্যায় রাশেদুল ইসলাম একজন কর্মচারীর মোটরসাইকেলে চড়ে প্রত্যন্ত এলাকায় বিরোধপূর্ণ জমি পরিদর্শন করতে যান। ফেরার পথে মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর এলাকার নুরুর দোকানের মোড়ে একটি বাস পেছন থেকে চাপা দিলে রাশেদুল ইসলাম নিহত হন।
স্থানীয় মানুষ ও উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের দাবি, রাশেদুল ইসলামের নামে এ জায়গার নামকরণ করা হোক। উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, ‘পরিষদের আগামী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন করা হবে।’