নিহত এসআইয়ের পরিবার পেল সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় নিহত লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের স্ত্রী তাহরিমা আক্তারের হাতে পুলিশ কল্যাণ তহবিল থেকে ২ লাখ ৮২ হাজার ৫৭০ টাকা প্রদান করা হয়েছে।
গত সোমবার লালমনিরহাট পুলিশের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে আয়োজিত পুলিশের মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি (ভারপ্রাপ্ত) মো. হুমায়ুন কবির এ অর্থ তাহরিমা আক্তারের হাতে তুলে দেন। পুলিশের মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম।
গত বছরের ৮ ডিসেম্বর ভোরে আসাদুজ্জামান তিস্তা সড়ক সেতু এলাকায় অপরাধীদের আটকের চেষ্টা করেন। অপরাধীরা গ্রেপ্তার এড়াতে তাঁকে একটি মিনি ট্রাক থেকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেন। এতে তিনি গুরুতর আহত হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ ডিসেম্বর তিনি মারা যান। তাঁর ২২ মাস ও ১১ মাস বয়সী দুটি সন্তান রয়েছে।