নিহত এসি রবিউলের স্ত্রীকে জাবিতে চাকরি দেওয়ার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে হোলি আর্টিজান বেকারিতে গত বছর জঙ্গি হামলায় নিহত গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) রবিউল করিম, বিপিএমের (মরণোত্তর) স্ত্রীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে গতকাল শনিবার পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের হামলার আজ এক বছর পূর্তি। জঙ্গি হামলায় যাঁরা শহীদ হয়েছেন এবং জঙ্গি প্রতিরোধে যাঁরা আত্মাহুতি দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশেষত ওই হামলা প্রতিরোধ করতে গিয়ে সহকারী কমিশনার এবং এই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র রবিউলের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই কর্তৃপক্ষ রবিউলের স্ত্রীকে এই বিশ্ববিদ্যালয়ে চাকরি দেবে।

ওই বিজ্ঞপ্তিতে উপাচার্য ফারজানা ইসলামেরবিবৃতিতেবলা হয়, হোলি আর্টিজানের হামলা ছিল দেশের ওপর বড় আঘাত। এই আঘাতে বাঙালি একাত্তরের চেতনায় উজ্জীবিত হয়ে আবারও একতাবদ্ধ হয়েছে। সংকটে বাঙালি ঐক্যবদ্ধ হওয়ার নজির পুনঃস্থাপন করেছে। সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে সবাই শামিল হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিগগিরই রবিউলের স্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে।

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় রবিউলের ছোট ভাই শামসুজ্জামান বলেন, ভাই দেশের জন্য শহীদ হয়েছেন। ভাবিকে চাকরি দেওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাঁর প্রতি যে সম্মান দেখিয়েছে, দেশের মানুষ তা মনে রাখবে। এর মধ্য দিয়ে ভাবির স্বাবলম্বী হওয়ার পথ মসৃণ হবে। কর্মব্যস্ততার মধ্য দিয়ে ভাবি মানসিক যন্ত্রণাও কাটিয়ে উঠতে পারবেন।