বিএনপির কথিত নিহত ও গুম হওয়া নেতা-কর্মীদের নামের তালিকা দেওয়ার জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনে গত শনিবার রাজবাড়ীর জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানানো হয়।
গত বছরের ১৫ অক্টোবর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ৩০৪ জনকে হত্যা ও ৬৫ জনের বেশি গুম করা হয়েছে বলে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘যাদের হত্যা ও গুমের কথা বলা হচ্ছে, তাদের নাম-ঠিকানা দেবেন। পদ, শাখা, পিতা-মাতার নামসহ পুরো ঠিকানা দেবেন। এ ছাড়া ৩২ হাজার নেতা-কর্মীর নামে মামলার কথা বলা হয়েছে, তাঁদের নাম-ঠিকানা দেবেন। যদি দিতে না পারেন, তাহলে জাতির কাছে ক্ষমা চাইবেন।’
তথ্যমন্ত্রী খালেদা জিয়াকে ‘মিথ্যাচার’ বন্ধের আহ্বান জানান। তিনি আরও বলেন, জঙ্গিবাদ দেশের রাজনীতির জন্য হুমকিস্বরূপ। কিন্তু খালেদা জিয়া আন্দোলনের নামে জঙ্গিবাদ ও নাশকতাকে উসকে দিচ্ছেন।