নিহত ও নিখোঁজদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর টাম্পাকো ফয়েলসে দুর্ঘটনায় নিহত ও নিখোঁজ শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে একজীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। একই সঙ্গে এই ঘটনায় কারখানা মালিককে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
গত ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকায় টাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়।
সমাবেশে ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, ‘টাম্পাকো ফয়েলসে শ্রমিক হত্যার এক মাসের বেশি সময় পার হয়ে গেছে। কিন্তু এখনো মালিককে গ্রেপ্তার করেনি সরকার। অতীতেও তাজরীন ও রানা প্লাজায় শ্রমিক হত্যার বিচার হয়নি। বিচারহীনতার এই সংস্কৃতিই মালিকপক্ষকে শ্রমিক হত্যায় উৎসাহিত করছে।’
কারখানা কর্তৃপক্ষ ‘সামান্য অর্থের বিনিময়ে’ শ্রমিক পরিবারগুলোর সঙ্গে আপসের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মোশরেফা মিশু। তিনি আরও বলেন, মালিকপক্ষ এখনো শ্রমিকদের কোনো ক্ষতিপূরণ দেয়নি বা পুনর্বাসন করেনি। সরকার ঘোষিত ২ লাখ টাকা ক্ষতিপূরণের অর্থ তুলতেও হয়রানি চলছে।
এ অবস্থায় এই দুর্ঘটনার জন্য কারখানা মালিককে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয় সমাবেশ থেকে। একই সঙ্গে নিহত ও নিখোঁজ শ্রমিকদের পরিবারগুলোকে একজীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আহত শ্রমিকদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন শ্রমিকনেতা শহীদুল ইসলাম, আমেনা আক্তার, মমিনুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।