নিহত কনস্টেবলের বাবার বিরুদ্ধে পাল্টা মামলা
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত পুলিশ কনস্টেবল রুবেল মাহমুদের বাবা ও ভাইকে আসামি করে পাল্টা মামলা দায়ের করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে কনস্টেবল হত্যা মামলার প্রধান আসামি কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম ওরফে স্বপনের অনুসারী ফরিদ হোসেনের বোন নাসিমা বেগম বাদী হয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আড়াইহাজার থানায় মামলাটি করেন। নাসিমা বেগম অভিযোগ করেন, ১ সেপ্টেম্বর রুবেল মাহমুদের বাবা ও আওয়ামী লীগের নেতা রূপ মিয়ার নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় এবং বাড়ির লোকজনকে আহত করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, নাসিমা বেগমের মামলা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিহত কনস্টেবল রুবেলের বড় ভাই ও হত্যা মামলার বাদী কামাল হোসেন বলেন, ‘আমাদের হয়রানি করার জন্য পাল্টা মামলা করা হয়েছে। যখন মামলায় অভিযোগ করা হয়েছে, আমরা তখন আমার ভাইয়ের লাশ ঢাকা থেকে আনা ও জানাজা নিয়ে ব্যস্ত ছিলাম। আর আমাদের অনেক লোক হাসপাতালে ভর্তি ছিলেন। আমরা কীভাবে হামলা চালাব?’
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আড়াইহাজার উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল কালাপাহাড়িয়ার রাধানগর এলাকায় কোরবানির পশুর হাটের টাকা ভাগাভাগি এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কনস্টেবল রুবেল নিহত হন। আহত হন উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন। আহত ব্যক্তিদের মধ্যে টেঁটাবিদ্ধসহ ১০ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের লোকদের সঙ্গে রাধানগর গরুর হাটের হাসিলের টাকা নিয়ে রূপ মিয়া মেম্বারের তর্ক হয়। ওই সময় রূপ মিয়ার ওপর হামলা চালানো হয়। তখন পুলিশ রূপ মিয়াকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। ওই ঘটনার সূত্র ধরে শুক্রবার বিকেলেই রূপ মিয়ার বাড়িতে হামলা চালানো হয়।
সাইফুল ইসলাম সোমবার মুঠোফোনে বলেছিলেন, তিনি ঘটনার সময় সেখানে ছিলেন না। তিনি নারায়ণগঞ্জে ছিলেন। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।