নিহত খালেদের মাথা থেকে পাইপগানের গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর শ্রেণিকক্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত খালেদ আহমদ ওরফে লিটুর (২৭) মাথা থেকে পাইপগানের গুলি উদ্ধার করা হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাপসাতালের মর্গে ময়নাতদন্ত শেষে ফরেনসিক বিভাগের হেফাজতে রাখা গুলিটি গতকাল বুধবার পুলিশ মামলার আলামত হিসেবে জব্দ করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক জানান, জব্দ করা গুলি পাইপগানের। পাইপগান উদ্ধারে পুলিশ ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় বিশেষ নজরদারি শুরু করেছে।

গত সোমবার দুপুরে জেলা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক পাভেল মাহমুদ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম ওরফে পল্লবের অনুসারী দুই পক্ষের সংঘর্ষের পর কলেজের শ্রেণিকক্ষে গুলির শব্দ হয়। পরে সেখান থেকে মাথায় গুলিবিদ্ধ খালেদ আহমদ লিটুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় খালেদের বাবা খলিল উদ্দিন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে বিয়ানীবাজার থানায় সোমবার রাতে হত্যা মামলা করেন।

ঘটনার দিন জিজ্ঞাসাবাদের জন্য আটক তিনজন ও পরে পুলিশের অভিযানে আটক একজনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।