নিহত গৃহকর্তার ছেলের বন্ধু শাকিল বগুড়া থেকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরের চালাপাড়ায় একই পরিবারের চাঞ্চল্যকর তিন খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সদর থানার পুলিশ নিহত গৃহকর্তার ছেলের বন্ধু শাকিল আহমেদকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. রমিজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল বৃহস্পতিবার সকালে জেলার মাদারগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার জামথল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি নামাপাড়া এলাকায়। পুলিশ জানায়, গত বছরের ১৯ নভেম্বর সন্ধ্যায় জামালপুর শহরের চালাপাড়ায় নিজ বাসায় মো. ফেরদৌস (৪৮), তাঁর স্ত্রী বন্যা (২২) ও তিন বছরের ছেলেশিশু প্রণয় খুন হয়। মো. ফেরদৌস ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে অডিটর পদে চাকরি করতেন। দুর্বৃত্তরা মো. ফেরদৌসকে জবাই করে, তাঁর স্ত্রী বন্যাকে ঘরের সিলিংয়ে ঝুলিয়ে এবং শিশু প্রণয়কে বালিশচাপা দিয়ে হত্যা করে। চাঞ্চল্যকর ওই খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ঘটনার পরদিনই গৃহকর্তা ফেরদৌসের প্রথম স্ত্রীর কলেজপড়ুয়া সন্তান নিপুণকে গ্রেপ্তার করেছে। নিপুণ জেলা কারাগারে আটক রয়েছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-তদন্ত মো. রমিজুল হক প্রথম আলোকে জানান, নিহত গৃহকর্তার ছেলে নিপুণের স্বীকারোক্তি অনুযায়ী তার বন্ধু শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। শাকিলের বয়স আনুমানিক ১৫ বছর হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের অপর এক বন্ধু পলাশ পলাতক রয়েছে।