নিহত চেয়ারম্যানের শটগান উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী সহিংসতায় নিহত কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামাল উদ্দিনের লাইসেন্স করা শটগানটি খোয়া যাওয়ার ২৬ দিন পর উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ বলরামপুর গ্রামের একটি বাড়ির রান্নাঘর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
তিতাস থানার এসআই আ স ম আব্দুন নূর বলেন, রাত আটটার দিকে কামাল উদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. সুমনের শ্বশুরবাড়ি দক্ষিণ বলরামপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় সুমনের শাশুড়ি নাছিমা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী রান্নাঘর থেকে শটগানটি উদ্ধার করা হয়।