চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে চেয়ারম্যান পদে তসলিমা আকতার জয়ী হয়েছেন। তিনি ওই ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নুরুল আবছারের স্ত্রী। গত ২৫ ডিসেম্বর রাতে দুর্বৃত্তদের গুলিতে নিজ বাড়িতে নুরুল আবছার খুন হন। পদটি শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচন হয়।গতকাল বুধবার অনুষ্ঠিত উপনির্বাচনে তসলিমা আকতার চার হাজার ৫২৭ ভোট পান। এর মধ্য দিয়ে দক্ষিণ চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান পদে তিনিই প্রথম নির্বাচিত নারী চেয়ারম্যান হলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদুর রহমান পেয়েছেন এক হাজার ৯১২ ভোট। মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৩৯০ জন।নির্বাচনে তসলিমা আকতার ও মাহমুদুর রহমান ছাড়া আরও ছয় প্রার্থী অংশ নেন। তাঁরা হলেন: আবদুল কবির, আবদুর রশিদ, নজরুল ইসলাম সিদ্দিকী, সঞ্জিত কারণ, হারুনুর রশিদ ও জামাল হোসেন। নুরুল আবছার খুনের নির্দেশদাতা ও ভাড়াটে খুনিদের অর্থের জোগানদাতা হিসেবে সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল মোনাফকে দায়ী করে আসছে আবছারের পরিবার। খুনের ঘটনায় গ্রেপ্তার ১১ জনের মধ্যে সাতজনই ১৬৪ ধারায় জবানবন্দিতে আবদুল মোনাফকে খুনের নির্দেশদাতা হিসেবে উল্লেখ করেন।উপনির্বাচন উপলক্ষে গতকাল পুরো ইউনিয়নে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা সপরিবারে নির্বাচন উপলক্ষে সাতকানিয়া ত্যাগ করেছি। কারণ, এ নির্বাচনকে কেন্দ্র করে অনেক বেইজ্জত হয়েছি। আজকের জন্য আমাদের বাড়ি পাহারা দেওয়ার লোকও নেই।’ আবদুল মোনাফের বাড়িও নলুয়া ইউনিয়নে। নির্বাচনে জয়ী হওয়ার পর তসলিমা আকতার প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামীর প্রতি নলুয়ার জনগণ যে সহানুভূতি দেখিয়েছিলেন, তাঁদের কাছ থেকে আমিও সেই সহানুভূতি পেয়েছি।’গতকাল নির্বাচন চলাকালে সকাল থেকেই নয়টি ভোটকেন্দ্রের কোথাও তসলিমা আকতার ছাড়া অন্য কোনো প্রার্থীকে দেখা যায়নি।বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। কোথাও কোনো ধরনের গোলযোগ হয়নি।