নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলারডুবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার মৃত ছয়জন মাটিকাটা শ্রমিকের গ্রামের বাড়িতে চলছে মাতম। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁদের লাশ গ্রামে পৌঁছার পর স্বজনেরা বুকফাটা কান্নায় ভেঙে পড়েন।
নিহত ছয় শ্রমিক হলেন উপজেলার গায়েশ্বর গ্রামের নেজাব উদ্দীন (৩৬) ও তাঁর ভাই সুজাব উদ্দীন (৩২), তাঁদের ভাতিজা শরিফুল ইসলাম (১৮) ও মামাতো ভাই শাহীন (২৮) এবং পাশের ফাজিলনগর গ্রামের আবু তালেব (৩০) ও বানিয়াকৈড় গ্রামের সুজন মিয়া (৩০)। গতকাল বাদ জোহর জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁদের লাশ দাফন করা হয়।
গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ছয় শ্রমিকই ছিলেন হতদরিদ্র ও ভূমিহীন পরিবারের। তাঁরাই ছিলেন নিজ নিজ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁদের হারিয়ে পরিবারের সদস্যরা শোকে পাথর ও দিশেহারা হয়ে পড়েছেন।
শাহীন (২৮) দুই সন্তানের জনক। বাবা-মা, স্ত্রী রাশিদা খাতুন ও পাঁচ বছরের মেয়ে মিম ও তিন বছরের ছেলে রাব্বীর মুখে অন্ন জোটাতেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার। রাশিদা খাতুন প্রথম আলোকে বলেন, শাহীন মৃত্যুর আগে মুঠোফোনে ছেলেমেয়ের কী কী লাগবে তা জানতে চেয়েছিলেন। কিন্তু তাঁর আর কেনাকাটা করে বাড়িতে ফেরা হয়নি। ফিরেছে তাঁর নিথর দেহ।
শরীফুলের মা সালেকা খাতুন বারবার মূর্ছা যাচ্ছিলেন। দুই সহোদর নেজাব ও সুজাবের মৃত্যুতে পাথর হয়ে গেছেন বাবা। নেজাবের স্ত্রী কদভানু ও তিন ছেলে কবির (৭), করিম (৯), নবীর (৫) কেঁদে কেঁদে অস্থির। সুজাবের স্ত্রী আনজিরা খাতুন স্বামীকে হারিয়ে পাগলপ্রায়। এদিকে ফাজিলনগর গ্রামের আবু তালেবের দুই সন্তানের মধ্যে একজন প্রতিবন্ধী। এই পরিবারেও চলে মাতম। বানিয়াকৈড় গ্রামের সুজনের মৃত্যুতে পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
গারেশ্বর গ্রামের বাসিন্দা বাবু মিয়া বলেন, ‘এমন মর্মান্তিক দৃশ্য আমরা কোনো দিন দেখি নাই। একসঙ্গে এত লোকের মৃত্যু যেন গ্রামের ওপর অভিশাপ নেমে এসেছে।’ তিনি আরও বলেন, ডুবে যাওয়া ট্রলারে ৩৫ জন যাত্রী ছিলেন। তাঁরা অধিকাংশই এই এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তাঁরা ওই এলাকার ট্রলারে মাটি ও বালু কাটার শ্রমিকের কাজ করতেন। গত সপ্তাহে সবাই কাজে যান। যাঁরা ট্রলারে ঘুমিয়ে ছিলেন, তাঁরা উঠতে পারেননি। অন্যরা সাঁতরে তীরে ওঠেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ হামিদ বলেন, ‘আমি কীভাবে এঁদের পরিবারকে সান্ত্বনা দেব, সহযোগিতা করব, সে ভাষা আমার জানা নেই। তারপরও চেষ্টা করব তাঁদের পাশে থাকতে। এই অসহায় পরিবারগুলোর জন্য কিছু করতে।’
উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) আকরাম আলী বলেন, শোকাহত পরিবার ও স্বজনদের সঙ্গে কথা হয়েছে। প্রাথমিকভাবে দাফন-কাফনের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ইতিমধ্যে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দিয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে শোকাহত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে। এ জন্য প্রক্রিয়া শুরু হয়েছে।
গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের ধলেশ্বর নদীতে ট্রলার ডুবে ছয়জন নিখোঁজ হন। ওই সন্ধ্যার দিকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ পাহারায় সিরাজগঞ্জে পাঠানো হয়।