চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনগর গ্রামে জঙ্গি আস্তানায় অপারেশন ‘ইগল হান্টে’ নিহত জঙ্গি আবুর মেয়ে সাদিকাকে (৫) তার দাদির কাছে হস্তান্তর করা হয়েছে। আজ রোববার বিকেলে আদালতের মাধ্যমে শিশুটিকে আবুর মায়ের কাছে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন। তিনি জানান, আবুর মা ফুলসানা বেগম ওরফে ফুলন বেগম ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশু সাদিকাকে দাদির কাছে ফেরতের আদেশ দেন আমলি আদালতের (খ অঞ্চল) বিচারক শহীদুল ইসলাম।
গত ২৬ এপ্রিল ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে শিবগঞ্জের শিবনগর গ্রামের একটি বাড়ি ঘিরে রাখে কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ। ওই দিন সন্ধ্যা ছয়টায় পুলিশের বিশেষায়িত দল সোয়াত হাজির হয়ে ‘ইগল হান্ট’ নামে অভিযান শুরু করে। দুই দিনব্যাপী অভিযানে জঙ্গি আবুসহ চারজন নিহত হয়। অভিযানের দ্বিতীয় দিন জঙ্গি আস্তানা থেকে আবুর স্ত্রী সুমাইয়া (২১) ও মেয়ে সাদিকাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর মা ও মেয়েকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুমাইয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে সাদিকাকে গত ২৮ এপ্রিল রাতে আদালতের মাধ্যমে রাজশাহী ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছিল।