নিহত জঙ্গি নাইমের বাড়ি কুয়াকাটায় নয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু হাকিম নাইম
আবু হাকিম নাইম

ঢাকার কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি আবু হাকিম নাইমের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় নয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও র‍্যাব।
কল্যাণপুরে গত মঙ্গলবার ঝোড়ো অভিযানে নয়জন জঙ্গি নিহত হন। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গতকাল বুধবার রাতে সাত জঙ্গির পরিচয় জানিয়ে জাতীয় পরিচয়পত্রের ছবি ও তথ্য প্রকাশ করে। এতে আবু হাকিম নাইমের বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায় বলে উল্লেখ করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা এ বি সিদ্দিক জানান, ডিএমপি থেকে পাওয়া তথ্যের আলোকে ভোটার নম্বর ৭৮১১০৩০০০৩৬৯ পর্যালোচনা করে দেখা গেছে, আবু হাকিম নাইমের জাতীয় পরিচয়পত্র নম্বর ১৯৮৩৭৮১৬৬৪৭৫৯২২৪৩, পিতা নুরুল ইসলাম, মাতা মোসা. হালিমা, স্ত্রীর নাম সখিনা খাতুন। ঠিকানায় গ্রাম: পূর্ব কুয়াকাটা (৪ নম্বর ওয়ার্ড), শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক বলে ভোটার হওয়ার তথ্যে উল্লেখ রয়েছে।

তবে স্থানীয় মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার টেলিভিশন ও অনলাইন পত্রিকায় নিহত আবু হাকিম নাইমের নাম প্রকাশের পর জনপ্রতিনিধিদের সহায়তায় গোটা এলাকায় সন্ধান চালানো হয়েছে। এতে নাইম কিংবা তাঁর পরিবার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি বলেন, আবু হাকিম নাইম নামের একজন শ্রমিক ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত কুয়াকাটায় নবোদয় হাউজিং কোম্পানির সাগর নীড় প্রকল্পে চাকরি করেছেন।
র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার মো. রোকনুজ্জামানও একই তথ্য দিয়েছেন।

সাগর নীড় প্রকল্পের তৎকালীন সহকারী ব্যবস্থাপক আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘কুয়াকাটায় নবোদয় হাউজিং কোম্পানির সাগর নীড় প্রকল্পে শ্রমিক হিসেবে নাইম পাঁচ থেকে ছয় বছর চাকরি করেছেন। কিছুটা নরম প্রকৃতির ও ধার্মিক দেখে তাঁকে চাকরিতে নেওয়া হয়েছিল। এমন জঘন্য কিছু তাঁর মধ্যে লুকিয়ে রয়েছে তা আমরা বুঝতে পারিনি।’ নাইমের পুরো ঠিকানা বলতে না পারলেও তাঁর বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর বলে জানিয়েছেন তিনি।
কুয়াকাটা পৌরসভার প্যানেল মেয়র মো. পান্না মিয়া প্রথম আলোকে বলেন, পরিচয় গোপন রেখে এই জঙ্গি দীর্ঘদিন কুয়াকাটায় অবস্থান করেছেন এবং ওই হাউজিং প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, ‘এ খবরটি শোনার পর এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশাসনের সহায়তায় দ্রুত সব তথ্য জানার পর যখন দেখা গেল, নাইম মূলত কুয়াকাটার মানুষ নন, তখন থেকে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে আমরা এমন খবর পাওয়ার পর থেকে সব আবাসিক হোটেলে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি।’