প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার পৌর এলাকার বড়হাটে পুলিশের অভিযানে নিহত তিনজনের মধ্যে একজন যে নোয়াখালীর আশরাফুল আলম নাজিম (২২), তা শনাক্ত করেছেন তাঁর মা মনোয়ারা বেগম। তিনি গতকাল মঙ্গলবার মৌলভীবাজারে হাসপাতালের মর্গে লাশ দেখে ছেলেকে শনাক্ত করেন। মনোয়ারা বেগম সাংবাদিকদের বলেন, তাঁর মেয়ে নাজমা আকতারও মাসখানেক ধরে নিখোঁজ রয়েছেন।
গতকাল দুপুর ১২টায় মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল তাঁর কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, নাজিমের মা পুলিশকে বলেছেন, ছেলে দেশবিরোধী কাজ করেছেন। ন্যক্কারজনক কাজ করছেন। তিনি লাশ নেবেন না।
পুলিশ সুপার বলেন, মনোয়ারা বেগম জানিয়েছেন, নাজিম সাত থেকে আট মাস আগে বাড়ি থেকে ঢাকায় যান। তিনি মূলত ঢাকায় থাকতেন। ১৫ থেকে ২০ দিন আগে মাকে ফোন করে নাজিম জানিয়েছিলেন, তিনি মাদ্রাসায় লেখাপড়া করছেন, ভালো আছেন।