নিহত জঙ্গিরা গুলশানে হামলায় অংশ নেওয়া গ্রুপের সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া ও অন্য কর্মকর্তারা
দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া ও অন্য কর্মকর্তারা

রাজধানীর কল্যাণপুরে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটের নেতৃত্বে পুলিশের অভিযানে নিহত জঙ্গিরা গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলায় অংশ নেওয়া গ্রুপের সদস্য বলে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ৫৩ নম্বর বাড়িতে চলা অভিযানে নয় জঙ্গি নিহত হওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এ কথা বলেন।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ১ জুলাই রাতে গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার মতোই কল্যাণপুরে জঙ্গিরা একই ধরনের পোশাক, ব্যাকপ্যাক ও বিশেষ রুমাল ব্যবহার করেছিল। সেই সন্ত্রাসী হামলার ধরন, হামলাকারীদের বয়সের সঙ্গেও কল্যাণপুরে জঙ্গিদের মোটামুটিভাবে মিল রয়েছে। এ তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতীয়মান হয়েছে যে গুলশান হামলায় যারা অংশগ্রহণ করেছিল তারা এবং কল্যাণপুরে নিহত জঙ্গিরা একই গ্রুপের সদস্য। তাদের পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় জানতে তদন্ত চলছে। এ ছাড়া তাদের ছবি ফেসবুক, সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ করা হবে।

কল্যাণপুরের সেই বাড়ির পাঁচতলার পশ্চিম দিকের বারান্দা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল, সিআইডি ও পুলিশের সদস্যরা আলামত সংগ্রহ করেন। পাশের একটি ভবন থেকে গতকাল দুপুরে তোলা ছবি
কল্যাণপুরের সেই বাড়ির পাঁচতলার পশ্চিম দিকের বারান্দা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল, সিআইডি ও পুলিশের সদস্যরা আলামত সংগ্রহ করেন। পাশের একটি ভবন থেকে গতকাল দুপুরে তোলা ছবি

অভিযানের বর্ণনা দিয়ে ডিএমপির এই শীর্ষ কর্মকর্তা বলেন, গতকাল ভোর ৫টা ৫১ মিনিটে অপারেশন স্টর্ম-২৬-এর সফল অভিযানে নয় জঙ্গি নিহত হয়েছে। এর আগে গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে মিরপুর বিভাগের উপকমিশনারের নেতৃত্বে পুলিশ কল্যাণপুর ৫ নম্বর সড়কের হাইস্কুলের পাশে ৫৩ নম্বর তাজ মঞ্জিল নামের বাড়িতে সাঁড়াশি অভিযান (ব্লক রেড) চালায়। তখন ষষ্ঠতলা ভবনটির পঞ্চমতলা তলা থেকে জঙ্গিরা বোমা নিক্ষেপ করে। তাৎক্ষণিক পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ডিএমপি পুলিশ পুরো বাড়ি ঘিরে ফেলে। সন্ত্রাসীরা ভেতরে ‘আল্লাহু আকবর’ বলে পুলিশের ওপর গুলিবর্ষণ করে ও বোমা মারতে থাকে। একপর্যায়ে দুই জঙ্গি বাড়ির পেছনের চালায় লাফ দিয়ে পড়ে। এ সময় তারা পুলিশের ওপর বোমা নিক্ষেপ করে। পুলিশ গুলি চালালে একজন আহত হয় ও আরেকজন পালিয়ে যায়। আহত হাসানকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আছাদুজ্জামান মিয়া বলেন, ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শেখ মুহম্মদ মারুফ হাসান ও ডিএমপির যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায় ও ডিবির যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেনের নেতৃত্বে গতকাল ভোর সোয়া ৫টার দিকে অভিযান শুরু হয়। সন্ত্রাসীরা পিস্তল দিয়ে গুলি ছোড়ে এবং উপর্যুপরি হ্যান্ডগ্রেনেড ও বোমা ছুড়ে মারে। পুলিশও রাইফেল দিয়ে পাল্টা গুলি চালায়। এ সময় নয়জন জঙ্গি ঘটনাস্থলেই নিহত ও একজন পুলিশ সদস্য আহত হন।
পুলিশ কমিশনার বলেন, জঙ্গিদের সবার বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তারা অধিকাংশ উচ্চশিক্ষিত। তাদের পরনে কালো রঙের পাঞ্জাবি ও জিনসের প্যান্ট ছিল। একজন ছাড়া সবার পায়ে কেডস ছিল। প্রাথমিক তদন্তে জানা যায়, এই জঙ্গি দল ২০ জুন ওই বাসা ভাড়া নিয়ে বিশেষ অভিযানের জন্য সমবেত হয়েছিল। তিনি বলেন, এই অভিযানটি ছিল ইতিহাসের অন্যতম সফল অভিযান, যেখানে শতভাগ জঙ্গি নিশ্চিহ্ন হয়েছে। দেশের মাটি থেকে জঙ্গি নিশ্চিহ্ন করতে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে কল্যাণপুরে সফল অভিযান হয়।

কল্যাণপুরে অভিযান এলাকায় বেষ্টনী দিয়ে রাখে পুলিশ। সেখানে সারা দিনই উৎসুক জনতার ভিড় ছিল
কল্যাণপুরে অভিযান এলাকায় বেষ্টনী দিয়ে রাখে পুলিশ। সেখানে সারা দিনই উৎসুক জনতার ভিড় ছিল

বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে জঙ্গিরা কোনো তথ্য দিয়েছিল কি না, জানতে চাইলে ডিএমপির কমিশনার সাংবাদিকদের বলেন, বাড়ির মালিক জঙ্গিদের বাসা ভাড়া দিলেও তাদের কাছ থেকে তথ্য রাখেননি। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
জঙ্গিদের জীবিত ধরার চেষ্টা করা হয়েছিল কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, হ্যান্ডমাইকে আত্মসমর্পণ করার জন্য বলা হলে জঙ্গিরা তা না করে ‘আল্লাহু আকবর’ বলে পুলিশের ওপর গুলি করে। পাল্টা গুলিবর্ষণের সময় জঙ্গিরা নিহত হয়।
আহত জঙ্গি হাসানের কাছ থেকে পরিকল্পনার বিষয়ে কিছু জানা গেছে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসানের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে, এ তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চলছে।
জঙ্গিরা উচ্চশিক্ষিত, আবার বলা হচ্ছে তাদের পরিচয় পাওয়া যায়নি, এ প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, জঙ্গিদের নাম-ঠিকানা জানা যায়নি। তবে তাদের চেহারা, পোশাক পরিচ্ছদ ও কথা বলার ধরন দেখে মনে হয়েছে অধিকাংশ উচ্চশিক্ষিত ছিল। তারা পুলিশকে গাল দিয়ে পুলিশের ওপর আক্রমণ করতে থাকে। এতে মনে হয় জঙ্গিরা উচ্চশিক্ষিত। তাদের ছদ্মনাম থাকে। সেই নাম প্রকাশ করলে গণমাধ্যম আবার প্রশ্ন তোলে। নিহত জঙ্গিরা কোন গোষ্ঠীর জানা গেছে কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, অনুসন্ধান ও তদন্ত শেষে এ বিষয়ে জানা যাবে।