নিহত ট্রাকচালক ও সহকারীর বাড়িতে মাতম
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালী গ্রামের ট্রাকচালক কোরাইশ খান ও সহকারী রমজান সরদারের বাড়িতে চলছে মাতম। গত বৃহস্পতিবার রংপুর শহরের তাজহাট এলাকায় ট্রাকের ভেতর থেকে তাঁদের হাত-পা বাঁধা লাশ রংপুর থানার পুলিশ উদ্ধার করে।
শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের নুকালি গ্রামের চাঁদউল্লাহ সরদারের ছেলে রমজান সরদার (৩৫) ও একই ইউনিয়নের নুনদহ গ্রামের সোনাউল্লাহর ছেলে ট্রাকচালক ও মালিক কোরাইশ খান (৩৮) দিনাজপুরের পুলহাট থেকে ট্রাকে চালবোঝাই করে পাবনার নগরবাড়ী নৌবন্দরে যাচ্ছিলেন। পথে দুজনই দুর্বৃত্তদের হাতে খুন হন।
নিহত ব্যক্তিদের গ্রামে গতকাল শুক্রবার গিয়ে দেখা যায়, দুই পরিবারে চলছে মাতম। নিহত রমজান সরদারের বাবা চাঁদউল্লাহ সরদার বলেন, তাঁর ছেলে আগে নছিমন-করিমন চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ছেলের ঘরে তিন মেয়ে ও এক শিশুছেলে রয়েছে। ট্রাক সহকারী হিসেবে কাজ করতে গিয়ে প্রথম দিনেই খুন হলেন রমজান। ছেলে তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বলে জানান বাবা চাঁদউল্লাহ।
নিহত রমজানের ভাই সোহেল বলেন, গত মঙ্গলবার সকালে মুঠোফোনে তাঁর শেষ কথা হয় ভাইয়ের সঙ্গে। দুই দিন পর বৃহস্পতিবার সকালে তাঁরা জানতে পারেন, রমজান ও কোরাইশ খানের লাশ ট্রাকসহ রংপুর কোতোয়ালি থানায় রয়েছে।
নুনদহ গ্রামের নিহত ট্রাকচালকের বাড়িতে গিয়েও দেখা যায় একই চিত্র। সেখানেও চলছে মাতম। নিহত কোরাইশের ভাই আবদুল করিম খান বলেন, নাবালক দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তাঁর ভাই। ট্রাকটি তাঁর ভাইয়ের নিজের ছিল। মঙ্গলবার উত্তরা ট্রান্সপোর্ট কোম্পানির চাল নিয়ে দিনাজপুর থেকে নগরবাড়ী আসার পথে সহকারীসহ তিনি নিখোঁজ হন। রংপুর কোতোয়ালি থানার পুলিশ ট্রাকের ভেতরে চালক ও সহকারীর লাশ হাত-পা বেঁধে কাঁথা দিয়ে ঢেকে রাখা অবস্থায় উদ্ধার করে।
বৃহস্পতিবার গভীর রাতে এই দুজনের লাশ শাহজাদপুরে নিজ নিজ বাড়িতে আনা হলে গ্রামে শোকের ছায়া নেমে আসে। গতকাল ভোরে দুজনের লাশ জানাজা শেষে নুকালী কবরস্থানে দাফন করা হয়।