নিহত তিন জঙ্গির পরিবারের প্রতিক্রিয়া
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ১ জুলাই রাতের হামলায় অংশ নেওয়া জঙ্গিদের তিনজনের পরিবার বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তাতে একদিকে তাঁরা তাঁদের সন্তানদের জঙ্গি হওয়ার ব্যাপারে বিস্ময় প্রকাশ করেছেন। অন্যদিকে জঙ্গিদের হাতে নিহত ব্যক্তিদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। ওই হামলায় নিহত ব্যক্তিদের নয়জন ইতালির, সাতজন জাপানের, একজন ভারতের ও দুজন বাংলাদেশের।
রোহানের বাবা: সেদিনের জঙ্গি হামলায় নিহত ভারতীয় তরুণী তারুশি জৈনের মা-বাবার কাছে দুঃখ প্রকাশ করেছেন জঙ্গি রোহান ইবনে ইমতিয়াজের বাবা এস এম ইমতিয়াজ খান। ভারতের এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ওই আক্রমণে একজন ভারতীয় নারীর মৃত্যু হয়েছে, এ ঘটনায় আমি ভারত এবং ওই নারীর বাবা-মায়ের কাছে দুঃখ প্রকাশ করছি...আমি শুধু বলতে পারি দুঃখ প্রকাশ করা ছাড়া আমার কিছু বলার নেই।’ ছেলের প্রসঙ্গে তিনি বলেন, ‘আইএস তার ছবি প্রকাশের পর আমি হতভম্ব হয়ে যাই। কোথায় সে প্রশিক্ষণ নিয়েছে, গত ছয় মাস সে কোথায় ছিল? আমি কখনো তাকে জিহাদ-সংশ্লিষ্ট কোনো কিছু পড়তেও দেখিনি।’
মোবাশ্বেরের বাবা: সেদিন মীর হায়াত কবিরের মনে হয়েছিল ছেলে মোবাশ্বের আজ বাড়ি ফিরতে পারে। চার মাস ধরে সে নিখোঁজ। মোবাশ্বের সেদিন ঠিকই এসেছিল। কিন্তু বাবার কাছে না, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারী জঙ্গি হয়ে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই ঘটনা জানার পর লজ্জায়, শোকে স্তব্ধ হায়াত কবির। কী করে, কেন এমন হলো এ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না।
নিবরাসের মা-বাবা: গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় জড়িত জঙ্গি নিবরাস ইসলামের বাবা-মা স্বজনহারা মানুষ, দেশবাসী ও রাষ্ট্রের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তাঁর বাবা নজরুল ইসলাম ও মা লায়লা বিলকিস একটি লিখিত বিবৃতিতে বলেন, ‘আমরা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। আমাদের ছেলে নিবরাস সৎ, বিনয়ী ও শান্ত স্বভাবের ছেলে ছিল। ...গত ফেব্রুয়ারির ৩ তারিখে নিখোঁজ হয়। যাওয়ার সময় সে একটি চিরকুট লিখে যায়। তাতে সে দোয়া চেয়ে বলে, সে ফিরে আসবে।’
ছেলে নিখোঁজ হওয়ার বিষয়টি তাঁরা গোয়েন্দা সংস্থাকে জানান। ফেসবুকে তাঁকে ফিরে আসার জন্য অনেক অনুনয়-বিনয় করেন। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়।