কিশোরগঞ্জের শোলাকিয়ায় গত বছর ঈদুল ফিতরের দিন জঙ্গি হামলায় নিহত তিন ব্যক্তির নামে তিনটি সড়কের নামকরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করা হয়েছে। নিহত তিনজন হলেন পুলিশ কনস্টেবল আনছারুল হক ও জহিরুল ইসলাম এবং স্থানীয় গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় শোলাকিয়ায় জঙ্গি হামলাস্থল মুফতি মোহাম্মদ আলী জামে মসজিদ মোড়ে ঝর্ণা রানী ভৌমিকের নামে সড়কটির নামফলক উন্মোচন করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান। পরে একই স্থান থেকে অন্য দুজনের নামে দুটি সড়কের নামকরণের ঘোষণা দেন তিনি। নামকরণের জন্য নির্বাচিত সড়কগুলোর সংস্কারকাজ করেছে কিশোরগঞ্জ পৌরসভা।
নামফলক উন্মোচনের পর শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এ সময় তাঁদের পরিবারের সদস্য ছাড়াও কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, সদর পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
শোলাকিয়া পূর্বাশা ক্লাব থেকে ঈদগাহ মাঠ পর্যন্ত সড়কটির নাম দেওয়া হয়েছে কনস্টেবল জহিরুল ইসলামের নামে। পূর্বাশা ক্লাব থেকে মুফতি মোহাম্মদ আলী জামে মসজিদ মোড় পর্যন্ত সড়কটি কনস্টেবল আনছারুল হক সড়ক এবং মুফতি মোহাম্মদ আলী জামে মসজিদ মোড় থেকে শোলাকিয়া সবুজবাগ এলাকা পর্যন্ত ঝর্ণা রানী ভৌমিক সড়ক নামকরণ করা হয়েছে।
গত ৭ জুলাই ঈদুল ফিতরের দিন ঈদগাহ মাঠের অদূরে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। এতে আনছারুল হক ও জহিরুল ইসলাম নিহত হন। পরে জঙ্গিরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সংঘর্ষস্থলের অদূরেই একটি ঘরের ভেতর গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঝর্ণা রানী ভৌমিক।