নোয়াখালী জেলা বিএনপির নিহত দুই কর্মীর পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাতীয়তাবাদী হেল্প সেল’-এর উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।
সংগঠনের উপদেষ্টা গোলাম রাব্বানীর সভাপতিত্বে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। বক্তব্য দেন কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এ বি এম জাকারিয়া, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি আবদুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান প্রমুখ।
মোহাম্মদ শাহজাহান বলেন, রাজনীতির মূল লক্ষ্য হলো দেশপ্রেম। জাতীয়তাবাদী হেল্প সেল নামের অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা তা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তাঁরা নিজেরা চাঁদা দিয়ে এবং অন্যদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে দলের জন্য ত্যাগ স্বীকার করা নিহত, পঙ্গু নেতা-কর্মী, সমর্থকদের পরিবারকে সহায়তায় এগিয়ে এসেছেন। আরও উপস্থিত ছিলেন নোয়াখালী পৌর বিএনপির সভাপতি মো. আবু নাছের, সাধারণ সম্পাদক শাহ জাফর উল্লা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর, সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাবের আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে নিহত যুবদলের কর্মী সোহাগ (৩২) ও শ্রমিক দলের কর্মী খোকনের (২৫) বাবার হাতে ৫০ হাজার টাকা করে এবং শারীরিক সক্ষমতা হারানো বিএনপির কর্মী মাসুদ ও হোসেনের হাতে ২০ হাজার টাকা করে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। নিহত সোহাগের দুই সন্তানের লেখাপড়ার জন্য প্রতি মাসে দলের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন মোহাম্মদ শাহজাহান।
২০১৩ সালের ১১ ডিসেম্বর রাতে বিএনপির লাগাতার অবরোধ কর্মসূচি চলাকালে এওজবালিয়া ইউনিয়নের ভূঁইয়ারদিঘির পাড় এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে সোহাগকে। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দলের পক্ষ থেকে তখন এ ঘটনার জন্য আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের দায়ী করা হয়েছিল। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় ঘোষণার পর জেলা শহরের দত্তেরহাট এলাকায় পুলিশের সঙ্গে দলের নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। গুলিতে নিহত হন শ্রমিক দলের কর্মী মো. খোকন।