হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ছয় বছর পূর্তিতে নিহত দুই পুলিশ কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তাঁদের সহকর্মীরা। ওই দুই কর্মকর্তার স্মরণে রাজধানীর গুলশান থানার নতুন ভবনের সামনে নির্মিত দীপ্ত শপথ ভাস্কর্যে ফুল দিয়ে আজ শুক্রবার শ্রদ্ধা জানান তাঁরা। এর পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারাও দুই পুলিশ কর্মকর্তাকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন।
আজ দুপুরে দীপ্ত শপথ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। র্যাব এ পর্যন্ত ৩ হাজার জঙ্গিকে গ্রেপ্তার করেছে। হোলি আর্টিজান হামলার পর ছয় বছরে গ্রেপ্তার করা হয়েছে দেড় হাজারের বেশি জঙ্গি। গুলশান হামলার মূল পরিকল্পনাকারী ও অর্থদাতাদেরও গ্রেপ্তার করা হয়েছে।
শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘হোলি আর্টিজানের পর যদি ঘুরে দাঁড়াতে না পারতাম, তাহলে আজকে যে পদ্মা সেতু দেখছি, মেট্রোরেল দেখছি, এগুলো বাস্তবায়ন করা সম্ভব হতো না। কারণ, কোনো বিদেশি প্রকৌশলী, টেকনিশিয়ান বাংলাদেশে আসতেন না।’
র্যাব ও ডিএমপির পাশাপাশি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ), ৩০তম বিসিএস পুলিশ ফোরাম, হামলায় নিহত তৎকালীন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খানের পরিবারের পক্ষ থেকে দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ও ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন।
২০১৬ সালের ১ জুলাই রাতে ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলা চালায় জঙ্গিরা। তারা অস্ত্রের মুখে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। ভয়াবহ ওই হামলার ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে পুরো দেশ। সেদিন জঙ্গিরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে ২০ জন দেশি-বিদেশি নাগরিককে, যাঁদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ১ জন ভারতীয় ও ৩ জন বাংলাদেশি। সেই রাতে অভিযান চালাতে গিয়ে ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান নিহত হন। এই দুই কর্মকর্তার স্মরণে দীপ্ত শপথ ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে।