নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিদের হামলায় পুলিশের নিহত দুই কর্মকর্তার স্মরণে শোকসভা করেছে গোপালগঞ্জ জেলা পুলিশ প্রশাসন। গত শুক্রবার রেস্তোরাঁয় জিম্মি হওয়া ব্যক্তিদের উদ্ধার করতে গিয়ে জঙ্গিদের ছোড়া গ্রেনেডে নিহত হন গোয়েন্দা বিভাগের উপকমিশনার (এসি) রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান।

আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ সভার আয়োজন করে জেলা পুলিশ প্রশাসন। পুলিশ সুপার এস এম এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমীনুল ইসলাম, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, নিহত সালাউদ্দিন খানের ছোট ভাই মোহাম্মদ আলী, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক প্রমুখ।
শোকসভায় বক্তারা সালাউদ্দিনের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণা করেন। তাঁরা জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের মূলোৎপাটন করতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এর আগে শোকসভায় নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।