নিহত দুই সহোদরের দাফন, দুজন 'নিখোঁজ' ও 'গুম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের চরবলাকি এলাকায় মাটি ভরাট নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের দুই পক্ষের গোলাগুলির ঘটনায় নিহত দুই ভাইয়ের লাশ গতকাল শুক্রবার দাফন করা হয়েছে। তাঁদের আরেক ভাই নিখোঁজ রয়েছেন। আওলাদ হোসেন নামের আরেকজনকে হত্যা করে গুম করার অভিযোগ উঠেছে।
গতকাল প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে হোসেন্দি ইউপির সদ্য বিদায়ী চেয়ারম্যান মনিরুল হকের বরাত দিয়ে বলা হয়েছিল, আওলাদ হোসেন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কিন্তু আওলাদের চাচা মোছা সরকার (৬০) বলেন, ‘আওলাদ হোসেনকে হত্যা করে গুম করে ফেলা হয়েছে। আমরা হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাচ্ছি না। পুলিশকে জানালে এ ব্যাপারে তারা কিছু জানে না বলে জানিয়েছে।’
গজারিয়া থানা-পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয়জনের মধ্যে চারজন গজারিয়া থানা হেফাজতে রয়েছেন। অন্য দুজন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এলাকাবাসী সূত্র জানায়, হোসেন্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাপ হোসেন ব্যাপারী (৪৫) ও তাঁর ছোট ভাই আইয়ুব হোসেন ব্যাপারীর (৩৫) লাশ গতকাল শুক্রবার সন্ধ্যায় জানাজা শেষে চরবলাকি কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত গোলাপ ও আইয়ুবের আরেক ভাই জুয়েল (২৫) ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন।
গতকাল বেলা তিনটার পর গোলাপ ও আইয়ুবের লাশ গজারিয়ার চরবলাকি গ্রামের বাড়ি পৌঁছায়। এ সময় পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। গোলাপ ও আইয়ুবের বাবা মজিদ ব্যাপারী বলেন, ‘আমার দুই ছেলের লাশ আমি পেয়েছি। আরও এক ছেলে জুয়েল নিখোঁজ আছে। পুলিশ প্রশাসনের কাছে দাবি, নিখোঁজ ছেলেকে উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক।’
গজারিয়া থানার ওসি হেদায়েতুল ইসলাম বলেন, ‘আমরা দুজনের লাশ পেয়েছি। আর আওলাদ হোসেনের বিষয়টি আমাদের জানা নেই। এ ঘটনায় আমরা এই পর্যন্ত ছয়জনকে আটক করেছি। সংঘর্ষের ঘটনায় আজ (শুক্রবার) সন্ধ্যা পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।’
স্থানীয় সূত্র জানায়, হোসেন্দি ইউনিয়নের চরবলাকি এলাকায় ম্যাক্সন গ্রুপ ও সিনহা গ্রুপের মাটি ভরাট নিয়ে গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও যুবলীগ নেতা মাহবুবুল হক মজনু এবং হোসেন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন মিন্টুর মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে গত বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ২৮ জন গুলিবিদ্ধ হন। এঁদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় গোলাপ হোসেন ব্যাপারী ও তাঁর ছোট ভাই আইয়ুব হোসেন ব্যাপারীকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুজন মারা যান।