সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডিমেরচর এলাকায় গত শনিবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও কোস্টগার্ডের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার তাফালবাড়ি গ্রামের কুদ্দুস ফকির (৫০)। গতকাল রোববার বিকেলে কুদ্দুস ফকিরের লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে শনাক্ত করেন তাঁর বড় ভাই মুনসুর ফকির ও ছেলে আলতাফ ফকির।এদিকে, শনিবারের ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পক্ষ থেকে গতকাল দুপুরে বাগেরহাটের শরণখোলা থানায় অস্ত্র আইনে ও র্যাবের ওপর হামলার অভিযোগে দুটি মামলা হয়েছে। র্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্পের উপসহকারী পরিচালক রেজাউল আলম মামলা দুটি করেন।নিহত কুদ্দুসের পরিবারের দাবি, কুদ্দুসকে দুই মাস আগে কে বা কারা বাড়ি থেকে ধরে নিয়ে যায়। ধরে নেওয়ার সময় ওই ব্যক্তিরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয় দেয়। এর পর থেকে কুদ্দুস নিখোঁজ ছিলেন। বিষয়টি তাঁরা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছিলেন। এ ছাড়া পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।পাথরঘাটার চরদুয়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কুদ্দুস নিখোঁজ হওয়ার পর তাঁর ছেলে ও ভাই আমাকে বিষয়টি জানিয়েছিলেন। শুনেছি, কুদ্দুস বছর দুয়েক ধরে বাগেরহাটে বসবাস করছেন। সেখানে থেকে সাগরে মাছ ধরতেন। তবে নিখোঁজ হওয়ার দু-তিন মাস আগে তিনি তাফালবাড়ি গ্রামে এসে বসবাস শুরু করেন।’নিহত কুদ্দুসের ভাই মুনসুর ফকির বলেন, তাঁর ভাই অন্যদের সঙ্গে সাগরে মাছ ধরতেন।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি জিডির বিষয়টি জানি না।’গত শনিবার সকালে সুন্দরবনের ডিমেরচর এলাকায় র্যাব ও কোস্টগার্ডের সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হন। এ সময় ১৭টি আগ্নেয়াস্ত্র, চারটি রামদা ও কিছু গুলি উদ্ধার করা হয়।