নিহত দুজনের লাশ নিতে কেউ আসেনি, দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই যুবকের লাশ নিতে কেউ আসেনি। তাঁদের লাশ গত রোববার রাতে পুলিশের ব্যবস্থাপনায় দাফন করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানিয়েছে, বিভিন্ন জায়গায় নিহত যুবকদের ছবি পাঠিয়ে তাঁদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ। তাঁদের একজন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কানাইপাড়া গ্রামের মাহফুজুর রহমান। অপরজন গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিম রাঘবপুর ভূতমারা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মোকসেদুল ইসলাম। দুজনই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত রোববার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর গড়ের টেলকির গায়রা এলাকায় ডিবির তল্লাশিচৌকি অতিক্রমকালে মোটরসাইকেলের আরোহী দুই যুবককে থামার নির্দেশ দেন পুলিশের সদস্যরা। এ সময় ওই দুই যুবক পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশ পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে তাঁরা আহত হন। পরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ প্রথম আলোকে বলেন, নিহত দুই যুবক জেএমবির সদস্য। তাঁদের মধ্যে মাহফুজুর রহমান ওরফে সোহেল ওরফে বিজয় ওরফে সুজনের বিরুদ্ধে ২০১১ সালে চট্টগ্রামের হাটহাজারী থানায় বিস্ফোরক আইনে মামলা হয়। তাঁর স্ত্রী জেএমবির সদস্য রোমানা আক্তার রুমাকে গত ২৩ জুলাই সিরাজগঞ্জের গোয়েন্দা পুলিশ আটক করে। মাহফুজের আরেক ভাই রুবেলও জেএমবির সদস্য। তিনি বগুড়ায় একটি মামলায় কারাগারে আছেন। নিহত অপর যুবক মোকসেদুল ইসলাম ওরফে মোজাম্মেল ওরফে হারেস টাঙ্গাইলের কালিহাতী থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। তাঁর স্ত্রী রোজিনা বেগমও জেএমবির সদস্য। রোজিনাকে গত ৫ জুলাই কালিহাতী থানার পুলিশ গ্রেপ্তার করে। তিনি টাঙ্গাইল কারাগারে আছেন।
অশোক কুমার বলেন, নিহত যুবকদের ছবি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়। সেখান থেকে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরপর তাঁদের বাড়ির ঠিকানায় যোগাযোগের চেষ্টা করা হয় এবং সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়। তবে নিহত দুই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। লাশ নিতেও কেউ আসেনি। পরে পুলিশের ব্যবস্থাপনায় টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে তাঁদের দাফন করা হয়।