নিহত দুজনের স্বজনদের খোঁজ মিলেছে

ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত বিলকিস আরা ও পিয়াস রায়ের স্বজনদের খোঁজ মিলেছে। আজ শনিবার সকালে দুজনের আত্মীয় নেপালের বাংলাদেশ দূতাবাসে পৌঁছেছেন।
ইউএস-বাংলার উড়োজাহাজ থেকে মৃত অবস্থায় উদ্ধার হওয়া বিলকিস আরা ও পিয়াস রায়ের কোনো স্বজন গতকাল পর্যন্ত নেপালে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেননি। এই দুই যাত্রীর নাম ও পাসপোর্ট নম্বর সংগ্রহ করা হয়েছিল। এ ছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় দুজনের ছবি সংগ্রহ করেছিল দূতাবাস।
নেপালে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি আল আলিমুল ইমাম প্রথম আলোকে জানান, আজ সকালে পিয়াস রায়ের বাবা নেপালে বাংলাদেশ দূতাবাসে এসে যোগাযোগ করেন। বিলকিস আরার আত্মীয় বাংলাদেশে নেপাল দূতাবাসে যোগাযোগ করেছেন।
এ দুই যাত্রীর মধ্যে পিয়াস রায়ের ব্যাপারে প্রথম আলো আগেই তথ্য সংগ্রহ করে। পিয়াস গোপালগঞ্জ মেডিকেল কলেজে শেষ বর্ষে পড়তেন। তাঁর বাড়ি বরিশালে। পিয়াস প্রথম আলো বন্ধুসভার গোপালগঞ্জের সদস্য ছিলেন।