নিহত নজরুলের শূন্য পদে প্যানেল মেয়র নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় নিহত কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামের শূন্য পদে সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ পদে নির্বাচিত হয়েছেন ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী
লীগের সভাপতি মনিরুজ্জামান মনির। গতকাল বুধবার দুপুরে সিটি করপোরেশনের মাসিক সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মনিরুজ্জামানের প্রতিদ্বন্দ্বী ছিলেন নজরুলের স্ত্রী ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেলিনা ইসলাম। ৩৬ জন কাউন্সিলর ও নারী কাউন্সিলরের মধ্যে ৩৪ জন ভোট দেন। মনিরুজ্জামান পান ২৬ ভোট আর সেলিনা আট ভোট। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার এসব তথ্য জানিয়েছেন।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল, তাঁর বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। নজরুল নিহত হওয়ার পর থেকে প্যানেল মেয়র-২ পদটি শূন্য ছিল। উপনির্বাচনে নজরুলের স্ত্রী সেলিনা ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন।