নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার এক বছরেরও বেশি সময় পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর, ভাই, শ্যালক, ভাগনেসহ ১১ জনকে আসামি করে আদালতে দুটি নালিশি মামলা করা হয়েছে।
গত মঙ্গলবার নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে (‘ক’ অঞ্চল) মামলা দুটি করেন ইয়াছিন মিয়া। ইয়াছিন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। উভয় মামলায় নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম, নজরুলের ছোট ভাই আবদুস সালাম, দুই শ্যালক সাইদুল ও মামুন, ভাগনে রনি ও শহীদুল ইসলামের স্বজন রফিকুল ইসলামকে আসামি করা হয়। এ ছাড়া আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
একটি মামলার আরজিতে বলা হয়, ২০১৪ সালের ৩০ এপ্রিল বিকেল পাঁচটায় আসামিরা বাদীর অংশীদারত্বে পরিচালিত মেসার্স শামস ফিলিং স্টেশনে গিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় আসামিরা ফিলিং স্টেশনের ক্যাশবাক্স ও লোহার সিন্দুক ভেঙে ২০ লাখ টাকা ছিনিয়ে নেন। পাঁচ ট্যাংক-লরি অকটেন, পেট্রল, ডিজেলে আগুন ধরিয়ে বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট করেন, যার মূল্য ৫০ লাখ টাকা।
অন্য মামলার আরজিতে বলা হয়, ২০১৪ সালের ১ মে রাত আটটায় আসামিরা বাদীর মিজমিজি পশ্চিমপাড়ার বাসায় হামলা চালিয়ে দরজা, জানালা ও আসবাবপত্র ভাঙচুর করেন। এরপর দুটি কক্ষে অগ্নিসংযোগ করা হয়। তখন ১৫ লাখ টাকার স্বর্ণালংকার ও সাড়ে তিন লাখ টাকা লুট করা হয়।
আরজিতে আওয়ামী লীগের নেতা ইয়াছিন মিয়া উল্লেখ করেন, ৮ জুলাই তিনি ৭ খুনের অভিযোগ থেকে অব্যাহতি পেয়ে এলাকায় ফিরেছেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী মহসিন আলী বলেন, আদালত নালিশি মামলা দুটি গ্রহণ করেছেন এবং অভিযোগ তদন্ত করে ৩০ আগস্ট প্রতিবেদন জমা দিতে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন।
প্যানেলে মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন গত বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক (লিংক রোড) থেকে অপহৃত হন। পরদিন নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বাদী হয়ে নজরুলসহ প্রাইভেট কারের পাঁচজন আরোহীকে অপহরণের অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় তৎকালীন ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেনকে। এ ছাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াসহ ছয়জনকে আসামি করা হয়। ৩০ এপ্রিল অপহৃত ছয়জন এবং ১ মে আরেকজনের লাশ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে। এর আগেই এজাহারভুক্ত ছয় আসামি পালিয়ে যান।
এর কয়েক দিন পর নিহত নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, নূর হোসেন, ইয়াছিন মিয়াসহ অন্য আসামিরা ছয় কোটি টাকার বিনিময়ে র্যা বকে দিয়ে নজরুলকে অপহরণ ও খুন করে লাশ শীতলক্ষ্যায় ডুবিয়ে দিয়েছেন। এ অভিযোগের পরপরই র্যা বের তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাইদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, লে. কমান্ডার এস এম রানাকে চাকরিচ্যুত করে গ্রেপ্তার করা হয়। ২০১৪ সালের মে মাসে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভা ডেকে সহসভাপতি নূর হোসেন, সাধারণ সম্পাদক ইয়াছিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁদের দলীয় সদস্যপদ বাতিলের জন্য মহানগর কমিটির কাছে সুপারিশ পাঠায়। পরে নূর হোসেন ভারতে গ্রেপ্তার হলেও অন্য পাঁচ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা চলতি বছরের এপ্রিল মাসে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে নূর হোসেনকে প্রধান আসামি করা হলেও এজাহারভুক্ত অন্য পাঁচ আসামিকে বাদ দেওয়া হয়। পুলিশের এই অভিযোগপত্র প্রত্যাখ্যান করে ইতিমধ্যে মুখ্য বিচারিক হাকিম আদালতে নারাজি আবেদন করেছেন সাত খুনের ঘটনায় করা দুটি মামলার একটির (নজরুলসহ পাঁচ খুন) বাদী সেলিনা ইসলাম। আদালত ইতিমধ্যে নারাজি আবেদন খারিজ করে দেওয়ায় বাদী জেলা জজ আদালতে আবেদন জানিয়েছেন।
ইয়াছিন মিয়ার নালিশি মামলা প্রসঙ্গে সেলিনা ইসলাম বলেন, ‘আমার দায়ের করা মামলার অভিযোগপত্রে নূর হোসেন ছাড়া অন্য পাঁচ আসামির নাম আসেনি। অব্যাহতি পাওয়া আমিনুল ইসলাম রাজু, ইকবাল হোসেনও এলাকায় ফিরে আমাদের নানাভাবে হুমকি দিচ্ছেন। সাত খুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার, প্রতিবাদকারীরাই এখন মিথ্যা অভিযোগে বিভিন্ন মামলায় আসামি হচ্ছেন।’