নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির করা রিভিউ মামলা খারিজ করেছেন আদালত। ওই ঘটনায় করা একটি মামলার অভিযোগপত্র থেকে এজাহারভুক্ত পাঁচ আসামিকে অব্যাহতি দেওয়ায় রিভিশন মামলাটি করেছিলেন তিনি।
গতকাল সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন রিভিউ মামলাটি খারিজের আদেশ দেন।
সাত খুনের ঘটনায় করা দুই মামলার একটির বাদী সেলিনা ইসলামের আইনজীবী সাখাওয়াত হোসেন জানান, রিভিউ মামলা খারিজ হওয়ায় বাদী সংক্ষুব্ধ ও ব্যথিত। বাদী এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
মামলার বাদী সেলিনা ইসলাম বলেন, ‘তদন্ত কর্মকর্তা এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ ছাড়াই অভিযোগপত্র থেকে অব্যাহতি দিয়েছেন। মূল আসামি পলাতক নূর হোসেনকে যেহেতু দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া প্রায় শেষ, তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও অর্থের জোগানদাতাদের বের করে বিচারের প্রক্রিয়া শুরু করা হোক। এ কারণেই নারাজি পুনর্বিবেচনার আবেদন করেছিলাম।’
অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া আসামিরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক, ঠিকাদার হাসমত আলী হাসু, বিএনপির নেতা ও ব্যবসায়ী ইকবাল হোসেন এবং সদ্য আওয়ামী লীগে যোগদানকারী আনোয়ার হোসেন।
আরেক মামলা জজকোর্টে: সাত খুনের ঘটনায় আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার অভিযোগে করা অপর মামলার বিচার শুরু করতে গতকাল সেটি জজকোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ জুডিশিয়াল আদালতের বিচারক আশিক ইমাম। সেই সঙ্গে র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ জনকে নিয়মিত হাজিরা শেষে কারাগারে পাঠিয়ে দেন। জেলার অতিরিক্ত সরকারি কৌঁসুলি কে এম ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে তাঁদের লাশ উদ্ধার করা হয়।