প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নারারপাড় গ্রামের নুরুল আলমের বাড়িতে চলছে মাতম। গত সোমবার আবুধাবির আল-আইন শহরে সড়ক দুর্ঘটনায় নুরুল আলমসহ ২০ জন বাংলাদেশি নিহত হন। গ্রামের আবুল হোসেনের তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে নুরুল দ্বিতীয়।নুরুলের বাড়িতে গতকাল বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, মা নূরজাহান বেগম ছেলের ছবি বুকে জড়িয়ে বিলাপ করছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন। বাবা আবুল হোসেন অনেকটা বাকরুদ্ধ। পাড়া-প্রতিবেশীরা এসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কোনোভাবেই থামছে না বাবা-মা ও স্বজনদের আহাজারি। সান্ত্বনা দিতে আসা প্রতিবেশীরা তাঁদের শোকে যেন পাথর হয়ে গেছেন। আবুল হোসেন জানান, আগের দিন রোববার নুরুলের সঙ্গে মুঠোফোনে শেষ কথা হয়। ওই সময় নুরুল তাঁর মাকে বলেছিলেন, ‘আমি কিছুদিনের মধ্যে দেশে আসব।’ কিন্তু তিনি এলেন, তবে লাশ হয়ে।