নিহত নেতা-কর্মীর স্বজনদের পাশে নূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলায় আওয়ামী লীগের চার নেতা-কর্মী নিহত হওয়ার ঘটনার দুই বছর পূর্তি হয়েছে গতকাল সোমবার। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় রামগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে স্মরণসভা করা হয়। দিনটি উপলক্ষে সংস্কৃতিমন্ত্রী ওই চার নেতা-কর্মীর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বাড়ি বাড়ি গিয়ে তাঁদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
পরে স্মরণসভায় আবেগাপ্লুত হয়ে মন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘আমার জীবন বাঁচাতে গিয়ে যাঁরা নিজের জীবন বিসর্জন দিয়েছেন তাঁদের ঋণ আমি কখনো পরিশোধ করতে পারব না।’
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় ২০১৩ সালে ১২ ডিসেম্বর কার্যকর হওয়ার রাতে নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ও পলাশবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামে জামায়াত-শিবির হামলা চালায়। ১৪ ডিসেম্বর সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বিকেলে শহরে ফিরছিলেন। পথে রামগঞ্জ বাজারে তাঁর গাড়িবহরে জামায়াত-শিবির হামলা করে। এ সময় টুপামারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, ইউনিয়ন যুবলীগ নেতা ফরহাদ হোসেন, মুরাদ হোসেন ও আওয়ামী লীগ কর্মী লেবু মিয়া নিহত হন। তাঁদের মধ্যে চৌধুরীপাড়ার ফরহাদ ও মুরাদ সহোদর। খোরশেদের বাড়ি একই গ্রামে। লেবু মিয়ার বাড়ি ট্যাংনারগড় গ্রামে।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে (১৪ ডিসেম্বর) পাকিস্তানি হানাদার বাহিনী ও তাঁদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে মেধাশূন্য করতে চেয়েছিল বাঙালি জাতিকে। আর সেদিন রামগঞ্জে আমাদের ওপর হামলা চালিয়ে স্বাধীনতার পক্ষের মানুষের কণ্ঠ রোধ করতে চেয়েছিল তারা।’
টুপামারী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম শাহ্। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দীন বসুনিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা প্রমুখ।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে দুটি মামলা একত্র করে গত বছরের ১১ মার্চ ২১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আসামিদের মধ্যে বর্তমানে কারাগারে আছেন ৭৮ জন। এ ছাড়া জামিনে আছেন ৫৬ জন এবং পলাতক রয়েছেন ৮৩ জন। মামলার প্রধান আসামি গোলাম রব্বানীর লাশ গত বছরের ১৮ জানুয়ারি সকালে জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের নীলফামারী-ডোমার সড়কের গোচামারী সেতুর কাছ থেকে উদ্ধার করে পুলিশ। টুপামারী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলামের লাশ একই বছরের ২০ জানুয়ারি সৈয়দপুর বাইপাস সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়। শিবিরের কর্মী মহিদুল ইসলামের লাশ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা থেকে ১ ফেব্রুয়ারি উদ্ধার করা হয়। মহিদুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা বিভাগের স্নাতকোত্তরের ছাত্র ছিলেন।