নিহত পুলিশ কনস্টেবলের বাড়িতে মাতম
পুলিশ কনস্টেবল মো. আনোয়ার হোসেন ওরফে ছোটন দুই দিন আগে তাঁর মাকে ফোন করে বলেছিলেন, ‘মা, অনেক দিন হয়ে গেছে বাড়িতে আসি না। ছুটি নিয়ে বৃহস্পতিবার, না হয় শুক্রবারে বাড়িতে আসব।’ আনোয়ার হোসেন গত বুধবার গভীর রাতে বাড়িতে ঠিকই এসেছেন। কিন্তু জীবিত নন। গুলিতে নিহত হয়ে কফিনে করে।
নিহত পুলিশ কনস্টেবল মো. আনোয়ার হোসেনের বড় বোন তাছলিমা আক্তার কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার বাবা, ভাই এবং স্বামী পুলিশের চাকরি করেন। আর আমার ভাইকে পুলিশের গুলিতেই মরতে হলো। আমরা এর সুবিচার প্রার্থনা করছি।’
পারিবারিক সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর গ্রামের পুলিশ কনস্টেবল মো. কবির আহাম্মদের ছেলে আনোয়ার হোসেন গত বছরের ২৯ মার্চ রাঙামাটিতে কনস্টেবল হিসেবে যোগ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট পুলিশ ফাঁড়ির মেস ব্যবস্থাপক ছিলেন আনোয়ার হোসেন। বুধবার মেসে গরম পানি দেওয়াকে কেন্দ্র করে আনোয়ার হোসেনের সঙ্গে সহকর্মী মোস্তাফিজ ওরফে মুক্তাদিরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মুক্তাদির সঙ্গে থাকা চায়নিজ রাইফেল দিয়ে আনোয়ার হোসেনকে লক্ষ্য করে পর পর তিনটি গুলি ছোড়েন। আনোয়ারের তলপেটে গুলি লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টারে তাঁকে চট্টগ্রামের সিএমএইচে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বুধবার গভীর রাতে পুলিশের একটি কাভার্ড ভ্যানে করে আনোয়ারের লাশ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর গ্রামে নিয়ে আসা হয়। এ সময় বাড়িতে হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে গিয়ে দেখা যায়, নিহত আনোয়ারের মা মনোয়ারা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। তাঁর মাথায় পানি ঢালা হচ্ছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘বুধবার রাতেই নিহত পুলিশ সদস্য আনোয়ার হোসেনের লাশ তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বৃহস্পতিবার (গতকাল) সকালে গ্রামের মসজিদের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।’