নিহত প্রতি শ্রমিকের জন্য ৫৭ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসে নিহত প্রতিটি শ্রমিক পরিবারের জন্য ৫৭ লাখ ৬০ হাজার ৭৫৮ টাকা ক্ষতিপূরণ দাবি করেছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল। শ্রমিক সংগঠনটি বলছে, লস অব ফিউচার আর্নিং ও পেইন অ্যান্ড সাফারিং নীতিমালার ভিত্তিতে করা ক্ষতিপূরণের এই অর্থ বিদেশি ক্রেতা, ব্র্যান্ড, সরকার, বিজিএমইএ ও কারখানার মালিককে দিতে হবে।

রানা প্লাজা ধসের এক বছর পূর্তিকে সামনে রেখে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার এই দাবি তুলে ধরে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশের নেতারা। লিখিত বক্তব্য পাঠ করেন মহাসচিব রায় রমেশ চন্দ্র। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে পড়ে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্ষতিপূরণের জন্য চার কোটি ডলারের তহবিল গঠনের জন্য ‘রানা প্লাজা ডোনারস ট্রাস্ট ফান্ড’ গঠিত হয়েছে। ইতিমধ্যে ৮০ লাখ ডলার এই তহবিলে জমা হয়েছে। এ ছাড়া প্রাইমার্ক দেবে ৯০ লাখ ডলার। এই অর্থ রানা প্লাজায় থাকা নিউ ওয়েভ বটমস লিমিটেডের নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে। অবশ্য তহবিলে না দিয়ে প্রাইমার্ক নিজেরাই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এই অর্থ পৌঁছে দেবে।

রায় রমেশ চন্দ্র বলেন, রানা প্লাজায় কাজ করাত ২৬টি ব্র্যান্ড। ইতিমধ্যে ১০ ব্র্যান্ড তহবিলে অর্থ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। আর বাকিদের রাজি করানোর চেষ্টা চলছে। অবশ্য বিশ্বখ্যাত যুক্তরাষ্ট্রের ওয়ালমাট সব সময়ই ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি অস্বীকার করে আসছে। তাদের দৃষ্টিভঙ্গি সুস্থ না।

ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশের এই মহাসচিব বলেন, ১৫ এপ্রিলের মধ্যে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত তিন হাজার ৩৯ জন শ্রমিক পরিবারকে ৫০ হাজার করে টাকা দেওয়া হবে। এটি ট্রাস্ট ফান্ড থেকে ক্ষতিপূরণ বাবদ অগ্রিম দেওয়া হবে।

রায় রমেশ আরও বলেন, নিহতদের মতো একইভাবে আহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণের কাজটি চলছে। আর নিহতদের জন্য দাবি করা ৫৭ লাখ টাকা শ্রমিকদের ৪০ বছর কর্মক্ষমতা হিসাব করে করা হয়েছে। সে ক্ষেত্রে নিহত শ্রমিকদের বয়স অনুযায়ী এটি কমবেশি হবে। আর এ কাজটি ইতিমধ্যে শুরু হয়েছে।

ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশের চেয়ারম্যান নজরুল ইসলাম খান শ্রম আইন সংশোধনের দাবি জানিয়ে বলেন, ‘শ্রম আইনে যে ক্ষতিপূরণের কথা উল্লেখ আছে, সেটি খুবই অল্প। সে জন্য আমরা একটি মানদণ্ড ঠিক করতে চাইছি।’

আজকের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান নজরুল ইসলাম খান, সদস্য আমিরুল হক, আবু তাহের, গিয়াস উদ্দিন, রহুল আমিন প্রমুখ।