নিহত প্রবাসী কর্মীদের পরিবারের সদস্যদের চেক বিতরণ
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, অবৈধভাবে সমুদ্রপথে বিদেশে যাওয়ার জন্য নৌকায় চড়ে প্রাণ দেওয়ার দরকার নেই। সরকার সহজভাবে মানুষকে বিদেশে পাঠাচ্ছে। বিদেশে মারা যাওয়া চট্টগ্রাম জেলার প্রবাসী কর্মীদের পরিবারকে অনুদান ও ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল শনিবার নগরের সার্কিট হাউসে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিদেশে মারা যাওয়া ৪৮ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান হিসেবে ১ কোটি ৩১ লাখ টাকার চেক দিয়েছে মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। এ ছাড়া ওমানে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া সন্দ্বীপের শিব্বির আহমেদের স্ত্রী রহিমা বেগমের হাতে ওমান সরকারের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া ২৯ লাখ ৩৫ হাজার ৮৮৯ টাকা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খোন্দকার মো. ইফতেখার হায়দার। সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
মন্ত্রী বলেন, ‘আগে কেউ বিদেশে মারা গেলে তাঁর পরিবার চেকের জন্য ঘুরতে হতো। এখন আর কাউকে চেকের জন্য ঘুরতে হচ্ছে না। দুই মাসের মধ্যে চেক দেওয়ার নির্দেশ দিয়েছি।’ বিমানবন্দর থেকে নিহত প্রবাসী কর্মীদের লাশ বহনের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা অ্যাম্বুলেন্স দেওয়ারও ঘোষণা দেন মন্ত্রী।