নিহত ফারুকের পরিবারের ঋণ মওকুফ করেছে গ্রামীণ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের ক্যাডারদের হাতে নিহত গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনের পরিবারের ৬৭ হাজার টাকার ঋণ মওকুফ করে দিয়েছে গ্রামীণ ব্যাংক। ফারুকের লেখাপড়ার খরচের জন্য গ্রামীণ ব্যাংকের শিক্ষা প্রকল্প থেকে ওই ঋণ নিয়েছিল তাঁর পরিবার।গ্রামীণ ব্যাংক নওগাঁর আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল ওহাব জানান, ফারুকের পরিবার জয়পুরহাটের দোগাছী গ্রামীণ ব্যাংক শাখা থেকে শিক্ষা প্রকল্পে ৬৭ হাজার টাকা ঋণ নিয়েছিল। ব্যাংক কর্তৃপক্ষ ঋণের পুরো টাকা মওকুফ করে দিয়েছে। বিষয়টি গতকাল সকালে নিহত ফারুকের বাবা ফজলুর রহমান, মা হাছনা বেগম ও তাঁর দুই বোনকে জানানো হয়েছে।তিনি আরও জানান, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনূস এক ফ্যাক্স বার্তায় নিহত ফারুকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে ঋণ মওকুফের চিঠি ও শোকবার্তা তিনি ফারুকের বাবা-মার কাছে হস্তান্তর করেছেন। ফারুকের বাবা ফজলুর রহমান জানান, গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ তাঁর ঋণ মওকুফ করে দিয়েছে। কথা বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।