নিহত বাংলাদেশি হাজি ৪১
সৌদি আরবের মিনায় গত ২৪ সেপ্টেম্বর পদপিষ্ট হয়ে নিহত হাজিদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা ২৬ থেকে বেড়ে ৪১ জনে উন্নীত হয়েছে। এ ছাড়া নিহত ইরানি হাজিদের সংখ্যাও রাতারাতি প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ৪৬৪ জনে।
ইরানি হাজিদের মরদেহ অবিলম্বে দেশে ফেরত পাঠানো না হলে সৌদি আরবকে ক্ষিপ্ত প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হবে বলে ইরানি সর্বোচ্চ ধর্মীয় নেতার হুঁশিয়ারির পর দুই দেশের মন্ত্রীরা এক বৈঠক করেছেন। খবর এএফপি, রয়টার্স ও ইউএনবির।
সৌদি আরবের জেদ্দায় নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের দেওয়া সর্বশেষ তথ্যের বরাত দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার জানায়, মিনা দুর্ঘটনায় নিহত বাংলাদেশি হাজির সংখ্যা এখন ৪১। তাঁদের মধ্যে ১৮ জনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ১২ জনের জানা গেছে শুধু নাম। ১১ জনের নাম-পরিচয় কিছু জানা যায়নি।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহত বাংলাদেশি হাজিদের সবাইকে শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও পবিত্র মক্কায় বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা। যেসব বাংলাদেশি হাজির মরদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, তা শনাক্ত করতে সহায়তা করার জন্য মক্কায় বাংলাদেশ হজ মিশনের সঙ্গে (কক্ষ নম্বর ১০৭, ফোন ০০৯৬৬-(০) ১২৫৪১৩৯৮০, ই-মেইল: [email protected]) যোগাযোগের জন্য নিখোঁজ হাজিদের সফরসঙ্গী, আত্মীয়স্বজন ও হজ এজেন্টদের অনুরোধ জানানো হচ্ছে।
গণমাধ্যমের খবরে বলা হয়, নিহত যেসব হাজির মরদেহ শনাক্ত করা যায়নি, তথ্যভান্ডার থেকে আঙুলের ছাপের রেকর্ড পুনরুদ্ধারের পর তাঁদের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করবে সৌদি আরব কর্তৃপক্ষ। এ ছাড়া মক্কা ও জেদ্দার বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন ৬১ বাংলাদেশি হাজি। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা তাঁদের যথাযথ চিকিৎসার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
এদিকে বার্তা সংস্থা এএফপিসহ বিভিন্ন গণমাধ্যম গতকাল ইরানের নিহত হাজির সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হওয়ার খবর জানায়। গতকাল ইরান বলেছে, তাদের নিহত হাজির সংখ্যা ৪৬৪ জন। এর আগে এ সংখ্যা অন্তত ২৩৯ জন বলে ঘোষণা করেছিল দেশটি।
ইতিমধ্যে মিনা দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করা, ইরানের নিখোঁজ হাজিদের দ্রুত শনাক্ত করা ও নিহত হাজিদের মরদেহ দেশে ফেরত পাঠানোর দাবিসহ নানা বিষয়ে সৌদি আরবের সঙ্গে দেশটির বাগ্যুদ্ধ শুরু হয়। এর জের ধরে অবনতি ঘটে দুই দেশের সম্পর্কেরও।
সৌদি আরব ও ইরানের গণমাধ্যমে বলা হয়, জেদ্দায় গত বুধবার দুই দেশের স্বাস্থ্যমন্ত্রীরা এক বৈঠক করেছেন। বৈঠকের পর ইরানি স্বাস্থ্যমন্ত্রী হাসান ঘাজিজাদেহ হাশেমি বলেছেন, ‘বৈঠক ছিল ইতিবাচক। বাদশাহ সালমানের পক্ষ থেকে সৌদি মন্ত্রী ইরানি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, ইরান সরকার এবং দেশটির জনগণের প্রতি দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন।’
কোন দেশের কত হাজি নিহত: ইরানের কর্মকর্তারা দাবি করছেন, মিনা দুর্ঘটনায় এক হাজারের বেশি হাজি নিহত হয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে এ সংখ্যা ১ হাজার ১০৩ বলে উল্লেখ করা হয়। নিখোঁজ হিসেবে বলা হয় ১ হাজার ১৫৭ জনকে। আর আহত ৯৩৪।
তবে সৌদি কর্তৃপক্ষ গতকাল পর্যন্ত নিহত হাজির সংখ্যা গত কয়েক দিনের মতো ৭৬৯ জনেই স্থির রাখে। গণমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি হাজি নিহত হয়েছেন ইরানের, ৪৬৪ জন। এরপর উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে মিসর ৮৩ (নিখোঁজ ৮০), মালি ৭৯ (নিখোঁজ ১২৯), নাইজেরিয়া ৬৪ (নিখোঁজ ২৪৪), ইন্দোনেশিয়া ৫৭ (নিখোঁজ ৮০), ভারত ৪৬ (নিখোঁজ ৬৩), পাকিস্তান ৫২ (নিখোঁজ ৩৯), ক্যামেরুন ৪২ (নিখোঁজ ৫৫), বাংলাদেশ ৪১ (নিখোঁজ ১৪৮), নাইজার ২২, বেনিন ১৭, আইভরিকোস্ট ১৪ (নিখোঁজ ৭৭), ইথিওপিয়া ১৩, আলজেরিয়া ১১ (নিখোঁজ ৬১), চাদ ১১, মরক্কো ১০ (নিখোঁজ ২৯) ও সেনেগাল ১০ (নিখোঁজ ৫২)।
মিনায় পদদলিত হয়ে নিহত হাজির সংখ্যা*
ইরান ৪৬৪
মিসর ৮৩
মালি ৭৯
নাইজেরিয়া ৬৪
ইন্দোনেশিয়া ৫৭
পাকিস্তান ৫২
ভারত ৪৬
ক্যামেরুন ৪২
বাংলাদেশ ৪১
নাইজার ২২
বেনিন ১৭
আইভরি কোস্ট ১৪
ইথিওপিয়া ১৩
আলজেরিয়া ১১
চাদ ১১