নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৫১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের মিনায় পদপিষ্ট হওয়ার ঘটনায় নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৫১ জন হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৩০ জন। খবর ইউএনবি ও বিবিসি বাংলার।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্ গতকাল সোমবার জানান, মিনার ঘটনায় নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৫১ জন হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৩০ জন। তাঁদের সন্ধান চলছে। দূতাবাসের কর্মকর্তারা সৌদির বিভিন্ন হাসপাতালে গিয়ে খোঁজখবর নিচ্ছেন।

সৌদি কর্তৃপক্ষ নিহত হাজিদের ছবি ধাপে ধাপে প্রতিদিন প্রকাশ করছে। আর নিখোঁজ বাংলাদেশি হাজিদের স্বজনদের মিনার পাশের এলাকা মুয়াইসামে গিয়ে সেখানে প্রকাশিত ছবি যাচাই করতে বলেছে দূতাবাস।

গত ২৪ সেপ্টেম্বর মক্কার নিকটবর্তী মিনায় পবিত্র হজ পালনকালে শয়তানকে লক্ষ্য করে পাথর ছুড়তে যাওয়ার পথে হুড়োহুড়িতে সাড়ে সাত শতাধিক হাজি নিহত হন। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে প্রতিবছর বাংলাদেশ থেকে লক্ষাধিক মানুষ সৌদি আরবে যান।

কোন দেশের কত হাজি নিহত: ইরানের কর্মকর্তারা দাবি করছেন, মিনা দুর্ঘটনায় এক হাজারের বেশি হাজি নিহত হয়েছেন। বিভিন্ন গণমাধ্যমেও এ সংখ্যা ১ হাজার ২৯৩ বলে উল্লেখ করা হয়। নিখোঁজ হিসেবে বলা হয় ১ হাজার ৪৩৪ জনকে। আর আহত ৩২৩। তবে সৌদি কর্তৃপক্ষ গতকাল পর্যন্ত নিহত হাজির সংখ্যা আগের মতোই ৭৬৯ জনে স্থির রাখে।

গণমাধ্যম সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি হাজি নিহত হয়েছেন ইরানের—৪৬৪ জন। এরপর উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে, মিসর ১৪৬ (নিখোঁজ ৯২), মালি ৭০ (নিখোঁজ ২৭১), নাইজেরিয়া ৭৫ (নিখোঁজ ২৪১), ইন্দোনেশিয়া ১০০ (নিখোঁজ ২৮), ভারত ৫৮ (নিখোঁজ ৭৮), পাকিস্তান ৭৬ (নিখোঁজ ৬০), বাংলাদেশ ৫১ (নিখোঁজ ১৪০), ক্যামেরুন ৪২ (নিখোঁজ ৫৫), নাইজার ২৮ (নিখোঁজ ৮৯), সুদান ২৩, মরক্কো ১৯ (নিখোঁজ ১৯), আইভরিকোস্ট ১৪ (নিখোঁজ ৭০), আলজেরিয়া ১৪ (নিখোঁজ ৫৪), সেনেগাল ১৪ (নিখোঁজ ৪৯), ইথিওপিয়া ১৩, বেনিন ১১ (নিখোঁজ ৯০), চাদ ১১ ও লিবিয়া ১০।