সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দিতে অভিযুক্ত লরিচালককে নির্দেশ দিয়েছেন দেশটির অপরাধ দমনবিষয়ক একটি আদালত। একই সঙ্গে আদালত লরিচালককে কারাদণ্ডও দেন। দেশটির আল আইন-আবুধাবি সড়কে গত ৩ ফেব্রুয়ারি ওই সড়ক দুর্ঘটনায় ২১ ব্যক্তি নিহত হন। তাঁদের মধ্যে ১৯ জনই বাংলাদেশের নাগরিক। অপর দুই নিহত ব্যক্তির একজন ভারতীয় ও একজন মিসরীয়।আরব আমিরাতের দ্য ন্যাশনাল পত্রিকার অনলাইন সংস্করণে সোমবার বলা হয়েছে, আদালতের বিচারপতি শাফি খাতের আল নিল খাতের দোষী লরিচালককে নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে দুই লাখ দিরহাম (প্রায় ৪২ লাখ টাকা) করে মোট ৪২ লাখ দিরহাম ‘ব্লাড মানি’ (ক্ষতিপূরণ) দেওয়ার নির্দেশ দেন। এ ছাড়া তাঁকে ৫২ হাজার দিরহাম জরিমানা ও এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।পত্রিকাটি জানায়, দুর্ঘটনার জন্য দায়ী লরিচালকের বিরুদ্ধে মানুষ হত্যা, অনিচ্ছাকৃত ক্ষতিসাধন ও সম্মুখের গাড়িকে পেছন থেকে ধাক্কা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালতের রায়ে বলা হয়, ওই চালক অতিরিক্ত পণ্য বোঝাই করে, অন্য গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় না রেখেই লরি চালাচ্ছিলেন। দুর্ঘটনাটি অনিচ্ছাকৃত হলেও এতে অনেকের প্রাণহানি ঘটেছে। এই প্রাণহানির জন্য তিনিই দায়ী।আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের শ্রম উপদেষ্টা লতিফুল হক কাজমি বলেন, ওই দুর্ঘটনায় নিহত আটজনের পক্ষ থেকে আগামী সপ্তাহে পৃথক একটি ক্ষতিপূরণ মামলা করবে দূতাবাস কর্তৃপক্ষ। মামলাটি যত দ্রুত সম্ভব শুরু করতে চায় কর্তৃপক্ষ।