নিহত বাতেনের বাড়িতে মাতম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে মর্টার হামলায় নিহত বাংলাদেশি বাতেন মিয়ার (২৫) গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের গুলপুকুরিয়ায় শোকের মাতম চলছে।

ইয়েমেন সীমান্তের কাছে সৌদি আরবের জিজান এলাকার সামতাহ জেনারেল হাসপাতালের কাছে স্থানীয় সময় শুক্রবার সকালে মর্টারের আঘাতে নিহত দুই বাংলাদেশির একজন বাতেন। তিনি গুলপুকুরিয়া গ্রামের মোহন মিয়ার ছেলে।

বাতেন মিয়ার বড় বোন নুরুন্নাহার প্রথম আলোকে বলেন, শুক্রবার বিকেল চারটার দিকে তাঁর সৌদিপ্রবাসী এক চাচাতো ভাই ফোন করে বাতেনের মৃত্যুর খবর দেন। এরপর থেকে বাতেনের মা-বাবা বারবার মূর্ছা যাচ্ছেন। স্ত্রী রীমা আক্তারও বাকরুদ্ধ। তিনি জানান, বাতেনের আয়েই সংসার চলত। তাঁকে হারিয়ে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, অভাবী পরিবারে সচ্ছলতা আনার স্বপ্ন নিয়ে বাতেন ২০০৭ সালে সৌদি আরব যান। এ জন্য সুদে ও ধার-দেনা করে তিন লাখ টাকা জোগাড় করে দেন বাবা মোহন মিয়া। পরে বাতেন চেষ্টা করে ছোট ভাই মোকছেদ মিয়াকেও সৌদি আরব নিয়ে যান। কিন্তু ভালো চাকরি না পাওয়ায় মোকছেদ এক মাস পরে দেশে ফিরে আসেন। পরে নয় লাখ টাকা ঋণ করে মোকছেদকে আবার সৌদি আরবে নিয়ে যান। সেই ঋণের টাকা আজও পুরোপুরি শোধ হয়নি।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল ইসলাম বলেন, বিষয়টি শুনে তিনি বাতেন মিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। এ বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিলে সে আলোকে ব্যবস্থা নেওয়া হবে।