নিহত বাদল মিয়ার পরিবারের পাশে আইডিএলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কুড়িল বিশ্বরোডের রেলগেটে এক শিশুর প্রাণ বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া রেল কর্মচারী বাদল মিয়ার পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্স। প্রতিষ্ঠানটি নিহত বাদল মিয়ার তৃতীয় ছেলে সোহাগ মিয়াকে (১৮) চাকরি দিয়েছে। আইডিএলসির ময়মনসিংহ শাখায় অফিস সহকারী পদে সোহাগকে চাকরি দেওয়া হয়েছে।
গত ২৭ জানুয়ারি এক শিশুর প্রাণ বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যান ৫৮ বছর বয়সী রেল কর্মচারী বাদল মিয়া। ওই সংবাদ ২৮ জানুয়ারি প্রথম আলোসহ অন্যান্য সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর নিহত বাদলের পরিবারের সাহায্যার্থে এগিয়ে আসে আইডিএলসি ও রেলওয়ে কর্তৃপক্ষ।
আইডিএলসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতার বা সিএসআর কর্মসূচির আওতায় সোহাগকে চাকরি দেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে জানতে গত রাতে সোহাগের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে জানান, আগামী ১ মার্চ থেকে তিনি চাকরিতে যোগ দেবেন। স্ত্রী, ৮ ছেলে-মেয়ের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন নিহত বাদল মিয়া। তাঁর মৃত্যুর পর রেলওয়ে কর্তৃপক্ষ উদ্যোগী হয়ে বড় দুই ছেলেকে চাকরি দিয়েছে বলেও জানান সোহাগ।