নিহত বিডিআরের ডিজির ফোন রাখার অভিযোগে জওয়ানের স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে নিহত মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল শাকিল আহমেদ ও ১৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল বদরুল হুদার মোবাইল ফোনসেট রাখার অভিযোগে এক জওয়ানের স্ত্রী রহিমা বেগমকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি।পুলিশ সূত্র জানায়, রহিমা বেগম ১৩ রাইফেল ব্যাটালিয়নের জওয়ান আক্তার হোসেনের স্ত্রী। আক্তার হোসেন পিলখানা বিদ্রোহের সময় বিডিআরের ডিজিসহ অন্যান্য কর্মকর্তার হত্যাকাণ্ডে অংশ নেন বলে অভিযোগ রয়েছে। তিনি মহাপরিচালক ও তাঁর ব্যাটালিয়নের অধিনায়কের মোবাইল ফোনসেট নিয়ে বিদ্রোহের পর মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে চলে যান। তিনি ফোনসেট দুটি তাঁর স্ত্রী রহিমার কাছে রাখেন। পরে গোয়েন্দা অনুসন্ধান করে সিআইডি পুলিশ ফোনসেট দুটি উদ্ধার করলেও রহিমাকে তখন ধরতে পারেনি। গত বৃহস্পতিবার মুন্সিগঞ্জের গজারিয়া থানার পুলিশের মাধ্যমে রহিমাকে তাঁর গ্রামের বাড়ি চরপাথারিয়া থেকে গ্রেপ্তার করা হয়।রহিমাকে গতকাল শুক্রবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে মহানগর হাকিম আবদুল্লাহ আল মামুন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।