নিহত ব্যক্তি জঙ্গি, রাজীব গান্ধীর সহযোগী: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তি নব্য জেএমবির আঞ্চলিক নেতা ছিলেন। তিনি গুলশান হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এমনটাই দাবি করেছে বগুড়ার পুলিশ।
বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নে গতকাল সোমবার রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় না জানাতে পারলেও পরে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, নিহত ব্যক্তির নাম আবু মুসা ওরফে আবু জার ওরফে আবু তালহা ওরফে সামিউল। তিনি নব্য জেএমবির পাবনা-কুষ্টিয়া-নাটোর-সিরাজগঞ্জ অঞ্চলের প্রধান ছিলেন।
পুলিশের ভাষ্য, গুলশান হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন আবু মুসা।
রাজীব গান্ধীকে সম্প্রতি টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বগুড়ার পুলিশ বলছে, কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান ও নাটোরে ক্ষুদ্র ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যায় আবু মুসা সরাসরি জড়িত ছিলেন।
সানাউর ও সুনীল গত বছর খুন হন। তাঁদের হত্যার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

বগুড়ার পুলিশের ভাষ্য, গতকাল রাতে দুর্গাপুর ইউনিয়নে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এতে এক দুর্বৃত্ত গুলিবিদ্ধ হয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বন্দুকযুদ্ধের স্থান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, দিবাগত রাত তিনটার দিকে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনে পুলিশ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির নাম-পরিচয় প্রথমে জানা যায়নি। পরে পুলিশের কাছে থাকা ছবির সঙ্গে চেহারা মিলিয়ে নিহত ব্যক্তিকে শনাক্ত করা হয়। নিহত আবু মুসা নব্য জেএমবির আঞ্চলিক নেতা ছিলেন। ছিলেন রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী। আবু মুসার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।