নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া সেই ব্যক্তির পরিচয় মিলেছে। গত বৃহস্পতিবার দুপুরে বুড়িগঙ্গা নদীর পাড় থেকে কামরাঙ্গীরচর থানার পুলিশ তাঁর ছয় টুকরা লাশ উদ্ধার করে। গতকাল শুক্রবার দুপুরে নিহতের এক বন্ধু স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন।নিহত ব্যক্তির নাম মনির হোসেন (৩৫)। তিনি কেরানীগঞ্জ মডেল থানাধীন পুরাতন ভাড়ালিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।মনিরের স্ত্রী হাসিনা বেগম জানান, তাঁর স্বামী আটি এলাকায় জমির ঠিকাদারি করতেন। গত বুধবার দুপুর ১২টার দিকে তেজগাঁও ভূমি অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। বেলা তিনটার দিকে বাসায় ফিরে না আসায় তাঁর মুঠোফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।হাসিনা বেগম সন্দেহ করছেন, জমিজমা বিক্রি নিয়ে দ্বন্দ্বের কারণে তাঁর স্বামীকে সন্ত্রাসীরা হত্যা করতে পারে।কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে পুলিশ খোলামোড়া ঘাট এলাকায় নদীর পাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশের ছয়টি টুকরা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা তাঁকে নৃশংসভাবে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে অঙ্গ-প্রতঙ্গ বিচ্ছিন্নভাবে ফেলে রাখে।ওসি জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।পরিবার সূত্র জানিয়েছে, মনির চার সন্তানের জনক ছিলেন।