নিহত ব্যক্তিদের পরিবারের করা অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে হরতালের সময় সিলেটের বিশ্বনাথে নিহত তিন ব্যক্তির পরিবারের পক্ষ থেকে আদালতে করা অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। গত ২৮ ফেব্রুয়ারি দুটি ও ১৩ মার্চ একটি প্রতিবেদন দাখিল করা হয়।২০১২ সালের ২৩ এপ্রিল ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বিএনপির হরতাল চলাকালে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘষে যুবদলের নেতা মনোয়ার হোসেন, ছাত্রদলের নেতা সেলিম আহমদ ও রিকশাচালক জাকির হোসেন নিহত হন।পুলিশ জানায়, নিহত সেলিম আহমদের বাবা রফিক মিয়া ২০১২ সালের ১০ মে আদালতে ১৩২ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। রিকশাচালক জাকির হোসেনের মা রহিমা বেগম একই বছরের ১২ জুলাই ৩৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দেন। ১২ আগস্ট মনোয়ারের চাচাতো ভাই রইছ আলী ৩৬৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন।পুলিশ জানায়, তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আদালতে করা অভিযোগগুলোর বাদী ও সাক্ষীদের একাধিকবার পুলিশের পক্ষ থেকে নোটিশ দেওয়া হলেও তাঁদের বেশির ভাগই থানায় আসেননি। যেসব সাক্ষী থানায় এসেছেন, তাঁদের অনেকে দাবি করেছেন, তাঁরা সেদিনের ঘটনা সম্পর্কে কিছু জানেন না। আবার অনেক সাক্ষী বলেছেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁরা ওই ঘটনার সঙ্গে জড়িত নন।