নিহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে ক্রেন ভেঙে নিহত হওয়া ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশি আছেন বলে তথ্য পাওয়া গেছে। তাঁর নাম আবুল কাশেম (৪৬)। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদের সুফিবাড়ির বাসিন্দা।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের দপ্তরের প্রথম সচিব (শ্রম) আলতাফ হোসেন গতকাল রোববার প্রথম আলোকে আবুল কাশেমের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এ ছাড়া আবুল কাশেমের পরিবারও জানিয়েছে, খোঁজ নিয়ে তাঁর মৃত্যুর কথা তাঁরা জানতে পেরেছেন। পরিবার জানায়, আবুল কাশেম হজ করতে গিয়েছিলেন।
আলতাফ হোসেন আরও বলেন, আহত ব্যক্তিদের মধ্যে নিজাম উদ্দিন নামের এক বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। নিজাম উদ্দিন মক্কার শিশশা হাসপাতালে ভর্তি আছেন।
গত শুক্রবার মক্কায় মসজিদুল হারামে ক্রেন ভেঙে পড়ে অন্তত ১০৭ জন নিহত হন। আহত হন অন্তত ২৩৮ জন। সংবাদ সংস্থা ইউএনবির এক খবরে বলা হয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ৪০ জন বাংলাদেশি।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তিনি বাংলাদেশি হতাহতদের ব্যাপারে খোঁজ নিতে মক্কায় পৌঁছেছেন।
প্রথম আলোর পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, মৃত্যুর খবর শুনে আবুল কাশেমের পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল বিকেলে তাঁর গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় আত্মীয়স্বজনসহ এলাকাবাসীর ভিড়।
কাঁদতে কাঁদতে আবুল কাশেমের স্ত্রী রুবিনা আক্তার বলেন, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে মুঠোফোনে স্বামীর সঙ্গে তাঁর কথা হয়। রাত ১১টার দিকে টেলিভিশনে ক্রেন দুর্ঘটনার সংবাদ দেখে তিনি স্বামীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়।
আবুল কাশেমের ছোট ভাই মো. সেলিম বলেন, গত ৫ আগস্ট আবুল কাশেম হজ করতে মক্কায় যান। দুর্ঘটনার পর তাঁর মুঠোফোন বন্ধ পাওয়ায় তাঁরা উৎকণ্ঠিত হয়ে পড়েন। পরে সৌদি আরবে থাকা এক আত্মীয়ের মাধ্যমে তাঁরা আবুল কাশেমের মৃত্যুর খবর পান। এ ছাড়া চট্টগ্রামের যে প্রতিষ্ঠানের কাফেলায় তিনি হজ করতে গিয়েছেন, ওই প্রতিষ্ঠানের মালিকও আবুল কাশেমের মৃত্যুর খবর জানিয়েছেন।
আবুল কাশেমের ছোট ভাই মো. ফোরকান বলেন, সাত ভাই ও এক বোনের মধ্যে আবুল কাশেম বড়। তাঁর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি ঠিকাদারি করতেন। পুরো পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।