নিহত ব্যক্তিদের স্বজনদের ক্ষতিপূরণের চেক হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মালটিফ্যাবস লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত ১৩ জনের ক্ষতিপূরণের ৭২ লাখ ৮০ হাজার টাকার চেক স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে ওই চেক বিতরণ করা হয়। এ সময় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ ৬০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদ হাসান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান, কারখানার ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন ফারুকী, ডেনমার্কের বায়ার রেক্স হোমের প্রতিনিধি মরিয়ম খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, এ ধরনের দুর্ঘটনার পর অনেক কারখানা কর্তৃপক্ষ পালিয়ে যায়। কিন্তু মালটিফ্যাবস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ নিজেরা এগিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

মহিউদ্দিন ফারুকী বলেন, ‘আজ থেকে নিহত ব্যক্তিদের পরিবারের অভিভাবকত্ব গ্রহণ করলাম। নিহত ব্যক্তিরা প্রতি মাসে যে বেতন ও প্রতি ঈদে যে বোনাস পেতেন, তা আমরা অব্যাহত রাখব। এ জন্য মালটিফ্যাবস ফাউন্ডেশনও প্রতিষ্ঠা করা হবে। তাদের দেখাশোনার দায়িত্বও নিলাম।’

নিহত প্রতিজনের পরিবারকে কারখানার পক্ষ থেকে ৪ লাখ টাকা এবং ডেনমার্কের বায়ার রেক্স হোমের পক্ষ থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। এ ছাড়া রপ্তানি বিল থেকে কর্তনকৃত অর্থ যা শ্রমিক কল্যাণ তহবিলে জমা হয়, সেই তহবিল থেকেও ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩ লাখ করে টাকা দেওয়া হবে।

শ্রম আদালতে নিহত প্রতিজনের পরিবারের ক্ষতিপূরণ বাবদ আরও ১ লাখ টাকা করে জমা দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। আহত শ্রমিকেরা সম্পূর্ণ কর্মক্ষম না হওয়া পর্যন্ত তাঁদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে কারখানা কর্তৃপক্ষ। পাশাপাশি তাঁদের বেতন-ভাতা অব্যাহত রাখা হবে।

৩ জুলাই গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মালটিফ্যাবসের কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় কারখানার ১৩ জন নিহত এবং পথচারী, শ্রমিকসহ ৫২ জন আহত হন।