নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলায় নিহত ব্যক্তিদের স্মৃতিফলকে গতকাল শুক্রবার ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও নিহত ব্যক্তিদের স্বজনেরা।
সকালে নগরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিহত ব্যক্তিদের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা প্রমুখ। এ ছাড়া জেলা ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগ, ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন করতে এসে নিহত আক্তার হোসেনের ভাই আবুল বাশার বলেন, ‘আমরা স্বজনদের হারিয়েছি। গত ১৬ বছরেও নৃশংস এই বোমা হামলার বিচার হয়নি। আদৌ এই মামলার বিচার হবে কি না, তা নিয়ে আমরা সন্দিহান। আমরা চাই, যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে তাদের বিচার হোক। অনেকের পরিবার তছনছ হয়ে গেছে এই বোমা হামলায় স্বজনদের হারিয়ে। অনেক পরিবার উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অভাব-অনটনে মানবেতর জীবনযাপন করছে। তাদের দেখার কেউ নেই। আমরা অভাবগ্রস্ত পরিবারগুলোতে সরকারিভাবে আর্থিক বরাদ্দ দেওয়ার দাবি জানাচ্ছি।’
২০০১ সালের ১৬ জুন রাতে নগরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে সাংসদ শামীম ওসমানের পূর্বনির্ধারিত গণসংযোগ কর্মসূচি চলাকালে শক্তিশালী একটি বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন সাইদুল হাসান, আক্তার হোসেন, মোশারফ হোসেন, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন ভাসানী, সাইদুর রহমান মোল্লা, নজরুল ইসলাম, স্বপন চন্দ্র দাস, শওকত হোসেন, স্বপন দাস, এনায়েত উল্লাহ, পলি বেগম, হালিমা বেগম, আবদুল আলীম, শুক্কুর আলী, নিধুরাম বিশ্বাস, রাজিয়া বেগম, আবদুস সাত্তার, আবু হানিফ ও অজ্ঞাতনামা এক নারী।